উদ্বোধনের পরও চালু হয়নি নৌপথে কনটেইনার পরিবহন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরও নৌপথে বাণিজ্যিকভাবে পণ্যবাহী কনটেইনার পরিবহন চালু অনিশ্চিত রয়ে গেছে। যে কারণে টানা হরতালের সময় পণ্য পরিবহনের এই বিকল্প পথ ব্যবহারের সুযোগ পাচ্ছেন না ব্যবসায়ীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গত ৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পানগাঁও নৌ টার্মিনাল ও নৌপথে কনটেইনার পরিবহন কার্যক্রমের উদ্বোধন করেন।
হরতালের সময় ও এর আগে-পরে সহিংসতার কারণে ঢাকা ও আশপাশের অঞ্চল থেকে রপ্তানি পণ্য জাহাজীকরণের জন্য চট্টগ্রাম বন্দরে আনা যাচ্ছে না। এতে বিশেষ করে তৈরি পোশাক খাত বেশি ক্ষতির মুখে পড়ছে।
বন্দর সূত্রে জানা গেছে, নৌপথে কনটেইনার পরিবহনের জন্য গত বছর পানগাঁও নৌ টার্মিনাল নির্মাণ করা হয়। এ জন্য সম্প্রতি বন্দর কর্তৃপক্ষের হাতে আসে দুটি কনটেইনারবাহী জাহাজ। ইতিমধ্যে জাহাজ দুটি দিয়ে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে খালি কনটেইনার নেওয়া হয়। তবে এখনো বাণিজ্যিকভাবে কনটেইনার পরিবহন চালুর দিনক্ষণ ঠিক হয়নি। নৌ-বাণিজ্য অধিদপ্তরে নিবন্ধন হয়নি জাহাজ দুটির। মাশুলও চূড়ান্ত হয়নি। এ ছাড়া জাহাজ দুটি বন্দর নিজস্ব ব্যবস্থাপনায় চালাবে নাকি বেসরকারি অপারেটর দিয়ে চালাবে, সেটিও চূড়ান্ত করা হয়নি।
এদিকে সার্ক চেম্বারের পরিচালক এস এম নুরুল হক বলেন, নৌপথে জাহাজ পরিচালনার লাইসেন্স পাওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখনো একটি জাহাজও সংগ্রহ করেনি। শুধু বন্দরের তিনটি জাহাজ দিয়ে পণ্য পরিবহনে কার্যত সুফল পাওয়া যাবে না। এ ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও এগিয়ে আসা উচিত।
জানতে চাইলে বন্দরের সদস্য ক্যাপ্টেন এম শাহজাহান গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘পণ্য পরিবহনের প্রক্রিয়া শুরু করতে জাহাজ নিবন্ধনসহ এখনো কিছু দালিলিক প্রক্রিয়া আছে। আশা করি, আগামী মাসেই পণ্য পরিবহন শুরু করা সম্ভব হবে। নৌপথে কনটেইনার পরিবহনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে কনটেইনার ও জাহাজ মালিকেরা এখনো কোনো পণ্য পরিবহনের দায়িত্ব নেননি।
জানতে চাইলে কনটেইনার ও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান সিএমএ সিজিএম বাংলাদেশ শিপিং লিমিটেডের মহাব্যবস্থাপক (পরিচালন) ওয়াহিদ আলম বলেন, ‘কম ঝুঁকি ও সময় এবং সাশ্রয়ী খরচ—এ তিনটি বিষয় বিবেচনা করেই পণ্য পরিবহনের সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে পানগাঁও নৌ টার্মিনাল চালু একটি ভালো উদ্যোগ। তবে এখনো মাশুলসহ বেশি কিছু বিষয় চূড়ান্ত না হওয়ায় কাজ নেওয়া সম্ভব হচ্ছে না।’
বন্দরের হিসাব অনুযায়ী চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পরিবহনের পৌনে ৯৫ শতাংশ সড়কপথে ও মাত্র সোয়া চার শতাংশ রেলপথে হয়ে থাকে। আবার সড়কপথে কনটেইনার পণ্য পরিবহনের প্রায় ৭০ শতাংশই হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। কিন্তু হরতাল ও এর আগে-পরে মহাসড়কটিতে গাড়ি ভাঙচুর ও সহিংসতার কারণে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর বন্দর ও শিপিংবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘টানা হরতালে একটি পণ্যবাহী গাড়িও আসতে পারছে না ঢাকা ও আশপাশের এলাকা থেকে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর নৌপথে কনটেইনার পরিবহন চালুর ব্যবস্থা করা গেলে বিশাল ক্ষতি থেকে বাঁচা যেত।’