উদ্বোধনের ১৮ মাস পরও জঙ্গলে ভরা বিবিরবাজার স্থলবন্দর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক সম্ভাবনা বিবেচনায় ১৮ মাস আগে উদ্বোধন করা হলেও কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর দিয়ে এখনো পূর্ণমাত্রায় পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়নি। বরং অযত্ন-অবহেলায় এই স্থলবন্দরটি যেন জলে-জঙ্গলে ভরে আছে। সড়কব্যবস্থাও খুবই নাজুক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়ে গেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে এই বন্দর দিয়ে ঢিমেতালে কিছু পণ্য আনা-নেওয়ার কাজ চললেও তা আবার সংঘটিত হচ্ছে স্থলবন্দর এলাকায় টিনশেডের তিন কক্ষের একটি ভবন থেকে। যেখানে কাজ করেন ইয়াছিন আলী সরকার নামে একজন কাস্টমস অফিসার ও দুজন সিপাই।কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার পূর্বে এটির অবস্থান। এর বিপরীতে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের শ্রীমন্তপুর এলসি স্টেশন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজারে একটি শুল্ক স্টেশনের যাত্রা শুরু হয়। স্টেশনটি দিয়ে পণ্য ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বাড়তে থাকায় ২০০২ সালের ১৮ নভেম্বর এটাকে সরকারিভাবে স্থলবন্দর ঘোষণা করা হয়। সে অনুযায়ী ২০০৫ সালে বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান শেফার্ড কুমিল্লা ল্যান্ড পোর্ট লিমিটেডকে বন্দরের অপারেটর নিয়োগ করা হয়। ২০০৬ সালের ১ জানুয়ারি এখানে স্থলবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে সেখানে প্রশাসনিক ভবনসহ গোডাউন ও অন্যান্য স্থাপনা তৈরি করা হয়েছে। ওই কোম্পানি বন্দরের সার্বিক অবকাঠামো তৈরি করে। ২০০৯ সালের ২৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বিবিরবাজার স্থলবন্দরের উদ্বোধন করা হয়।চুক্তি অনুযায়ী শেফার্ড কুমিল্লা ল্যান্ড পোর্ট লিমিটেড ২৫ বছর অপারেটর হিসেবে বন্দর পরিচালনা করার দায়িত্ব পায়। কিন্তু লাভ করতে না পারায় তারা দায়িত্ব ছেড়ে দেয়। আর গত ১ সেপ্টেম্বর স্থলবন্দরটি পরিচালনার দায়িত্ব নেয় বেক্সিমকো পোর্ট লিমিটেড।শেফার্ড কুমিল্লা ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব ও আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় আমরা দায়িত্ব ছেড়ে দিয়েছি।’ সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিবিরবাজার স্থলবন্দরটি বলতে গেলে জনমানবহীন। এর গোডাউন ও প্রশাসনিক ভবন এলাকায় জমে আছে পানি। ঘাসে-জঙ্গলে ঢেকে গেছে বন্দর এলাকা। সড়কও এবড়োখেবড়ো এবং খুব ঝুঁকিপূর্ণ। বেক্সিমকো পোর্ট লিমিটেডের পরামর্শক জাহাঙ্গীর হোসাইন প্রথম আলোকে জানান, তাঁরা গত ১ সেপ্টেম্বর এই স্থলবন্দরটির দায়িত্ব নেন। কিন্তু এখন পর্যন্ত কাস্টমসের শুল্ক আদায়কারী কর্মকর্তারা এখানকার অফিসে আসেননি। তাঁরা এলসি স্টেশনে বসেই কাজ করছেন এবং বিভিন্ন গাড়ি থেকে টাকা আদায় করছেন।বেক্সিমকো পোর্টের স্টোর ইনচার্জ নাজমুল হাসান জানান, এই বন্দরের ভেতর দিয়ে প্রতিদিন গড়ে ২০টির মতো ট্রাক পাথর ও সিমেন্ট নিয়ে যায়।সরেজমিনে দেখা গেছে, এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে বর্তমানে কয়েকটি কোম্পানির সিমেন্ট এবং কুমিল্লা ইপিজেডে তৈরি পলিথিন, কৃষি যন্ত্রাংশ ও ইট ভাঙার মেশিন রপ্তানি হচ্ছে ভারতে। কিন্তু ভারত থেকে বর্তমানে কিছুই আসছে না এ দেশে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, স্থলবন্দরটি পুরোদমে চালু হলে এটি দিয়ে প্রচুর পরিমাণ পণ্য আমদানি-রপ্তানির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) মহাব্যবস্থাপক এ এম এম শামসুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিবিরবাজার স্থলবন্দর পুরোদমে চালু হলে ইপিজেডের উৎপাদিত পণ্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রপ্তানি করা সম্ভব হবে।’