উদ্ভাবনী কার্যক্রমের গতি বাড়াতে চুক্তি
দেশের বেসরকারি খাতের গৃহীত নতুন নতুন উদ্যোগ ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও গতিশীল করতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) নিজেদের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই করেছে। এর আওতায় ডিসিসিআই ও ইউএনডিপি যৌথভাবে তথ্য সংগ্রহ ও আদান-প্রদান করবে। পাশাপাশি প্রকল্পে সহযোগিতা করবে।
রাজধানীর গুলশানে ডিসিসিআইয়ের কার্যালয়ে গতকাল মঙ্গলবার এ চুক্তি হয়। ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খান এবং ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এক বিজ্ঞপ্তিতে ঢাকা চেম্বার জানায়, সমঝোতা চুক্তির মাধ্যমে পরবর্তীকালে গৃহীত প্রকল্পগুলো এসডিজি অর্জনে বেসরকারি খাতের প্রভাব এবং এ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহে একটি মঞ্চ হিসেবে কাজ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানো, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত ও গবেষণাধর্মী সহায়তা বাড়ানোর ক্ষেত্রে এ ধরনের সহযোগিতা অত্যন্ত কার্যকর ফল বয়ে আনবে।