উদ্যোক্তাদের নতুন সংগঠনের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এন্ট্রাপ্রেনিউরস অর্গানাইজেশনের যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিরা
এন্ট্রাপ্রেনিউরস অর্গানাইজেশনের যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিরা

ব্যবসায়ীদের বহুজাতিক সংগঠন ‘এন্ট্রাপ্রেনিউরস অর্গানাইজেশন (ইও)’-এর বাংলাদেশ চ্যাপ্টারের যাত্রা শুরু হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গত শনিবার রাজধানীর একটি হোটেলে এই সংগঠনের উদ্বোধন করেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডিসিসিআইয়ের সভাপতি ও আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমাদের দেশের মানুষ জন্মগতভাবে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, যা একজন উদ্যোক্তার জন্য খুব প্রয়োজনীয়। বাংলাদেশ নানা ধরনের প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও অর্থনীতিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘উদ্যোক্তা হওয়ার জন্য প্রত্যেক মানুষকে নিজের ভেতর থেকে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা ও দৃঢ় প্রত্যয় থাকতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে দেশের উদ্যোক্তা সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’
সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, ‘মুক্তবাজার অর্থনীতিতে মানুষের চাহিদা ও পণ্যের জোগানের মধ্যে সামঞ্জস্য করে থাকেন উদ্যোক্তারা। বাংলাদেশের উদ্যোক্তারা নানা প্রতিকূলতার মধ্যেও নিজেদের ব্যবসায়িক কর্মকাণ্ডকে সচল রেখে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
হোসেন খালেদ বলেন, ‘আমাদের দেশের মোট জনসংখ্যার সাড়ে ৫ কোটি লোকের বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। এ বিপুল জনগোষ্ঠীকে উদ্যোক্তা হওয়ার সহযোগিতার পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে ইও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে আমাদের ৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে, যেখানে উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।’
সংবাদ সম্মেলনে ইওর গ্লোবাল চ্যাপ্টারের চেয়ারম্যান গিলবার্টো ক্রমবি, ইও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সামিট কেমরা ও জয় গুপ্তা উপস্থিত ছিলেন।