নতুন ব্যবসা গড়ে তোলা এক কঠিন চ্যালেঞ্জ। তরুণদের এই চ্যালেঞ্জ নিতেই হবে। উদ্যোক্তা হয়ে তাঁদের নিজেদের কর্মসংস্থান যেমন করতে হবে, তেমনি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন তাঁরা। এ জন্য সরকারকে উদ্যোক্তা উন্নয়নে সহায়ক নীতিমালা ও প্রণোদনা দিতে হবে।
নতুন উদ্যোক্তাদের উদ্দেশে এমন কথাই বলেছেন সরকারের নীতিনির্ধারক ও ব্যবসায়ীরা। ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গত শুক্রবার আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তা সামিটে বক্তব্য দেন তাঁরা। এই সামিটের আয়োজন করে ঢাকা চেম্বার এবং ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ)।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, একজন নতুন উদ্যোক্তার জন্য নতুন ব্যবসা গড়ে তুলে তা পরিচালনা করা কঠিন চ্যালেঞ্জ। তবে যাঁরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যান, তাঁরাই সফল উদ্যোক্তা। তরুণ উদ্যোক্তাদের তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, সাইবার অপরাধ থেকে দূরে থাকা, নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যবসায় আসার আহ্বান জানান।
ঢাকা চেম্বার সভাপতি হোসেন খালেদ বলেন, দেশের ১৫-৩৪ বছর বয়সী জনসংখ্যার মধ্যে ৫৫ লাখই তরুণ। এই জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করা গেলে তাঁদের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সবুর খান বলেন, নতুন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের পর্যাপ্ত সুযোগ করে দিতে হবে।
আয়োজকেরা জানান, আন্তর্জাতিক উদ্যোক্তা সপ্তাহ পালন করার অংশ হিসেবেই এই তরুণ উদ্যোক্তা সামিটটির আয়োজন করা হয়। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী ও আগ্রহী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করাই এর প্রধান লক্ষ্য। ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তানসহ বিভিন্ন দেশের তরুণ উদ্যোক্তারাও এ সামিটে অংশগ্রহণ করেন।
ডিওয়াইডিএফের নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী, ঢাকা চেম্বারের পরিচালক আতিক-ই-রাব্বানী, সামির সাত্তার প্রমুখ বক্তব্য দেন।