উদ্যোক্তা উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই। এ জন্য শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে। এতে উদ্যোক্তার পাশাপাশি শ্রমিকদের আয়ও বাড়বে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং নরওয়ের সংস্থা ক্রিশ্চিয়ান মিকেলসন ইনস্টিটিউট (সিএমআই) আয়োজিত বিভিন্ন গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী আলোচনা সভার শেষ অধিবেশনে গতকাল সোমবার বক্তারা এ কথা বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে এই সভা অনুষ্ঠিত হয়।বেসরকারি সংস্থা ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদের সভাপতিত্বে এই অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও সিএমআইয়ের জ্যেষ্ঠ গবেষক আর্নে উইগ। মূল প্রবন্ধের ওপর বক্তব্য দেন বিভিন্ন শ্রেণী-পেশার বক্তারা।প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষাব্যবস্থা আধুনিকীকরণে সরকারের পাশাপাশি উদ্যোক্তাদের বিনিয়োগে উদ্যোগী হওয়া উচিত। কেননা, উদ্যোক্তাদেরও দক্ষ মানবসম্পদের চাহিদা রয়েছে। শুধু সরকারের বাজেট দিয়ে মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।ফজলে হাসান আবেদ বলেন, গরিব মানুষও একধরনের উদ্যোক্তা। তাঁরাও অর্থনীতিতে অবদান রাখছেন। জামানত ছাড়াই ক্ষুদ্রঋণ নিয়ে গরিব মানুষ বিনিয়োগ করেছেন। আবেদের মতে, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে উন্নয়নশীল দেশগুলো শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করে থাকে। বাংলাদেশে এর অনুপাত ২ দশমিক ৩ শতাংশ। এই খাতে সরকারি-বেসরকারি খাতের বিনিয়োগ আরও বাড়াতে পারলে প্রবৃদ্ধি দ্রুততর হবে। ব্যবসায় পরিবেশ, অবকাঠামো ও সুশাসন থাকলে এমনিতেই উদ্যোক্তা তৈরি হবে বলে মত দেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক। তিনি বলেন, বিনিয়োগকারীরা ব্যবসার পরিবেশ চান। তবে শিল্প খাতের ব্যবস্থাপনা পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা প্রয়োজন। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে আমি উদ্বিগ্ন। তাদের দক্ষতা ও মান অর্থনীতিতে অবদান রাখার মতো না। আশা করি, এই বিষয়টি নিয়ে বর্তমান ও সাবেক শিক্ষামন্ত্রী নজর দেবেন।’ তার মতে, এ দেশে শিল্প খাতের মধ্য পর্যায়ের ব্যবস্থাপনায় এখনো দক্ষ মানবসম্পদ গড়ে ওঠেনি।উইমেন চেম্বার সভাপতি সেলিমা আহমেদ বলেন, গত দুই বছরে ৯০০ জন নারী উদ্যোক্তা সহজ শর্তে ব্যাংকঋণ চেয়েছিলেন। কিন্তু ঋণ পেয়েছেন মাত্র ২০০ জন। কেননা, জামানত ছাড়া ঋণ দিতে চায় না ব্যাংকগুলো। তিনি প্রশ্ন রাখেন, ‘এভাবে চললে নারী উদ্যোক্তা তৈরি হবে কিভাবে?’ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, মানবসম্পদ উন্নয়ন-প্রক্রিয়ায় আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করতে হবে। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে তৈরির ক্ষেত্র করতে হবে। আলোচনায় সূচনা বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। খন্দকার গোলাম মোয়াজ্জেম তাঁর মূল প্রবন্ধে বলেন, মানবসম্পদ উন্নয়নে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে সরকারি বিনিয়োগ বাড়ানো উচিত। উদ্ভাবনী ব্যবসাকে উৎসাহিত করা দরকার। আর অনানুষ্ঠানিক ব্যবসাকে নিবন্ধনের আওতায় আনারও পরামর্শ দেন তিনি। আর্নে উইগ তাঁর মূল প্রবন্ধের ফলাফল হিসেবে বলেছেন, শিক্ষা ব্যবসার মুনাফা ও মজুরি বাড়িয়ে দেয়। তবে শিক্ষা খাতে কাঠামোগত রূপান্তর কম।