উদ্যোক্তা গড়ছে বিডি ভেঞ্চার

হঠাৎ অসুখে পড়েছেন। কোনো হাসপাতাল বা ক্লিনিকে যাবেন। কোনো চিকিৎসক খুঁজছেন। অথবা অপরিচিত কোনো এলাকায় গিয়ে হঠাৎ চিকিৎসকের খোঁজ করছেন। কোথায় পাবেন কাঙ্ক্ষিত চিকিৎসককে? কোন রোগের চিকিৎসক কে? এর সব উত্তরই এখন হাতের মুঠোয় মোবাইলে। মোবাইল অ্যাপস ডকটোরোলা অথবা ডকটোরোলার ওয়েবসাইটে গিয়ে সহজেই মিলছে এর উত্তর। সারা দেশের আট হাজার চিকিৎসক যুক্ত হয়েছেন এই অ্যাপসে। হটলাইনে ফোন করেও মিলছে নির্দিষ্ট চিকিৎসকের সাক্ষাতের সময়। রোগী ও চিকিৎসকের মধ্যে যে দূরত্ব ছিল, তা কমিয়ে এনেছে এই সেবা।
বাংলাদেশে প্রথমবারের মতো গড়ে ওঠা স্টার্টআপের এ সেবার কথা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বিশ্ব ব্যবসা সাময়িকী ফোর্বস সম্ভাবনাময় উদ্যোগের (স্টার্টআপ) তালিকায় বাংলাদেশের ডকটোরোলাকে স্থান দিয়েছে।
ব্যক্তি উদ্যোগে এমন কার্যক্রম শুরু হলেও এতে মূলধনের সহায়তা দিয়েছে বিডি ভেঞ্চার লিমিটেড। দেশে ৯টি ভেঞ্চার প্রতিষ্ঠান গড়ে উঠলেও একমাত্র বিডি ভেঞ্চারের কার্যক্রমই চোখে পড়ার মতো। বিডি ভেঞ্চারের মূলধন সহায়তায় গড়ে উঠেছে পাঁচ প্রতিষ্ঠান। এর মধ্যে চিকিৎসা খাতে ডকটোরোলা, প্রযুক্তি খাতে ব্রেইন স্টেশন ২৩, শিক্ষা খাতে এসো শিখি ডটকম, হিমায়িত খাদ্য খাতে ইয়ন ফুডস ও বিদ্যুৎ জ্বালানি খাতে সাসটেইনেবল পাওয়ার লিমিটেড।
বাংলাদেশে প্রতিষ্ঠান ও ব্যক্তিমালিকানায় ২০১২ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে বিডি ভেঞ্চার লিমিটেড। এর উদ্দেশ্য ভবিষ্যৎ উদ্যোক্তাদের অর্থায়ন করা। নতুন অভিনব পরিকল্পনাকে এগিয়ে নেওয়া। নতুন করে কেউ যখন কাজ শুরু করে, তখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অর্থায়নে আগ্রহী হয় না। এ অবস্থাতেই এগিয়ে আসে ভেঞ্চার প্রতিষ্ঠান। অর্থায়ন করে ওই প্রতিষ্ঠানের শেয়ার ধারণ করে, প্রতিষ্ঠানের মুনাফা ও লোকসানের ভাগীদার হয়। আবার প্রতিষ্ঠান ভালো পর্যায়ে পৌঁছে গেলে শেয়ার বিক্রি করে দেবে। সারা বিশ্বে এভাবেই নতুন উদ্যোগকে সহায়তা করে ভেঞ্চার প্রতিষ্ঠান। ঝুঁকিপূর্ণ ও উচ্চ প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, এমন খাতে বিনিয়োগ করতেই গড়ে ওঠে বিডি ভেঞ্চার। এর ৮০ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক ও ২০ শতাংশ ব্যক্তিগত।
বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘নতুন উদ্যোগকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। গত ৫ বছরে পাঁচটি প্রকল্পে মূলধন দিয়েছে বিডি ভেঞ্চার। স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি খাতে এসব প্রকল্প নতুন মাত্রা যোগ করতে পেরেছে; যা এত দিন মূলধনের কারণে বিকশিত হয়নি।’
শওকত হোসেন আরও বলেন, ‘৫ বছর হলেও ব্যাংকগুলো থেকে তহবিল পাচ্ছি না। ফলে সুযোগ থাকলেও চাহিদামতো বিনিয়োগ করা যাচ্ছে না। দেশের উদ্যোক্তা উন্নয়নে ব্যাংকগুলোকে উদার মানসিকতার পরিচয় দিতে হবে। তাহলেই দেশের নতুন নতুন উদ্যোগ আলোর মুখ দেখবে।’
ডকটোরোলা (doctorola.com)
ডকটোরোলা ডটকম স্বাস্থ্য-সম্পর্কিত ও প্রযুক্তিনির্ভর একটি তথ্যপ্রযুক্তিভিত্তিক স্বাস্থ্যসেবা উদ্যোগ। এর মাধ্যমে সহজেই চিকিৎসকদের সঙ্গে দেখা করার সময় ঠিক করা যায়। ২০১৫ সালে যাত্রা করা এ সেবায় যুক্ত হয়েছেন বাংলাদেশের আট হাজার চিকিৎসক। দেশের ৬২ জেলায় প্রায় ৫০০ হাসপাতাল এখন ডকটোরোলার মাধ্যমে রোগী নিবন্ধন করে। অনলাইন ওয়েবসাইট (www. doctorola. com) অথবা কলসেন্টারের (১৬৪৮৪) মাধ্যমে এ সেবা পাওয়া যায়। এ ছাড়া ডকটোরোলা নিয়মিত তাদের ফেসবুক পেজ, ব্লগ ও ইউটিউব চ্যানেলে স্বাস্থ্য সচেতনতা-সম্পর্কিত লেখা ও ভিডিও প্রকাশ করছে।
ডকটোরোলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবদুল মতিন ইমন প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানে বিডি ভেঞ্চার বিনিয়োগ করে; যা প্রতিষ্ঠানটির সেবার পরিধি আরও বাড়িয়েছে। আমরা প্রতিনিয়ত নতুন নতুন চিকিৎসক, হাসপাতাল-ক্লিনিক, ফার্মেসি যুক্ত করছি। আমাদের মাধ্যমে এ পর্যন্ত দেড় লাখ রোগী চিকিৎসকের সেবা নিয়েছেন।’
ব্রেইন স্টেশন ২৩
২০০৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে রাইসুল কবিরসহ ৪ স্বপ্নপ্রেমী যে স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছিলেন তা এখন ১৭০ জনের স্বপ্নপূরণের কারখানা। এটি হলো ব্রেইন স্টেশন ২৩। দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি সেবা ছড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানটি দেখিয়েছে একের পর এক সাফল্য। আরএস ইন্টারেকটিভ নামের কানাডিয়ান একটি আবাসন সংস্থা ছিল এর প্রথম গ্রাহক। বর্তমান গ্রাহক বেড়ে হয়েছে ৮৫টিরও বেশি। এবি ব্যাংক, সিটি ব্যাংক, ব্রিটিশ টেলিকম, বিসিপিএসসহ নানা দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জন্য কাজ করেছে ব্রেইন স্টেশন ২৩। প্রতিষ্ঠানটির লক্ষ্য বাংলাদেশের ইনফোসিস হবে ব্রেইন স্টেশন ২৩।
এসো শিখি (eshosikhi.com)
প্রাইভেট বা কোচিং সেবা অনলাইনে মিলবে কয়েক বছর আগেও এটা ছিল অসম্ভব কিছু। কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই যাত্রা করে ‘এসো শিখি ডট কম’, যা শিক্ষার্থীদের দিয়েছে সব ধরনের সমাধান। ভিডিও দেখে ক্লাস, অনলাইনে পরীক্ষা, অনলাইনেই সমাধান—সব সেবাই মিলছে এতে। গত বছর শুরু হওয়া এ অনলাইনে পড়াশোনা কার্যক্রমে দেশের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী ফি দিয়ে সেবা নিচ্ছে। ২০১৫ সালে মাত্র ৮ জনের একটি দল নিয়ে শুরু হলেও বর্তমানে এতে কাজ করছেন ৪০ জন। এইচএসসি পর্যায়ের প্রতিটি বিষয়ের জন্য সাড়ে ৫০০ ও বিসিএস পরীক্ষার প্রতিটি বিভাগের জন্য ৪০০ টাকা ফি দিয়েই শেখার সুযোগ মিলছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এস এম তানভীর প্রথম আলোকে বলেন, ‘আমরা ২০১৫ সাল থেকে এ সেবা দিলেও গত বছর বিডি ভেঞ্চার যুক্ত হওয়ার পর কার্যক্রম পুরোদমে শুরু হয়। আমরা সব লেভেলের শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন অনলাইন সেবা নিশ্চিত করতে চাই। চাই না, কেউ কোচিংয়ের জন্য ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে ভিড় করুক।’
ইয়ন ফুডস
ভোক্তাদের জন্য মানসম্পন্ন ও নিরাপদ খাদ্যপণ্য সরবরাহে ২০১২ সালের নভেম্বরে যাত্রা ইয়ন ফুডসের। এটি মূলত ইয়ন গ্রুপের একটি প্রতিষ্ঠান। আমিষজাতীয় প্রক্রিয়াজাত খাদ্য সরবরাহই মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটি ২০১৩ সালে মালয়েশিয়ার কিউ এল ফুডসের সঙ্গে সামুদ্রিক মৎস্য প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি ও বাজারজাতে চুক্তি করে। ২০১৬ সালের শুরুর দিকে কোম্পানিটি পোলট্রি প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে গাজীপুর জেলার মাওনায় কারখানা নির্মাণ করে। এরপর ধীরে ধীরে বড় হয়েছে উৎপাদন ও সরবরাহ কার্যক্রম। রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।
সাসটেইনেবল পাওয়ার
ডানপিটে স্বভাবের ওয়াহিদ। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় পাঁচ চাকার ইলেকট্রিক খেলনা গাড়ি বানিয়ে বন্ধুদের তাক লাগিয়ে দিয়েছিলেন। ফেলে দেওয়া ব্যাটারি, টিনের কৌটা, ভাঙা চুম্বক, পেরেক ও বিদ্যুতের তার খুঁজে বেড়াতেন। এসএসসি পাস করার পরে বানিয়ে ফেলেন ওয়াহিদ ল্যাব।
এক দুপুরে নিজের ল্যাবে বসে কাজ করছেন আর মাথার ওপর ঘুরছে প্রচলিত সিলিং ফ্যান। হঠাৎ লো ভোল্টেজের কারণে ফ্যান বন্ধ হয়ে যায়। মাথায় চিন্তা এল এমন এক ফ্যান উদ্ভাবন করা যায়, যার বিদ্যুৎ খরচ কম আর লো ভোল্টেজে চলে। সেই চিন্তা থেকে আজকের সিলিং ফ্যান, যার ব্যান্ড নাম ‘সী ফ্যান’। তাঁর উদ্ভাবিত সিলিং ফ্যান মাত্র একটি ছোট সাইজের (এএ ১.৫ ভোল্ট) সাধারণ ব্যাটারিতেই ঘুরতে সক্ষম আর তাতে ১২ ভোল্ট সরবরাহ করলে প্রয়োজনীয় বাতাস পাওয়া যাবে।
দেশের সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়ে গেছে কয়েক বছর আগে। তবে আলো দিলেও বাতাসের ব্যবস্থা হয়নি তখনো। প্রয়োজন কম ওয়াটের সিলিং ফ্যান। এমন ভাবনা থেকে ওয়াহিদুজ্জামান নিজের ল্যাবেই শুরু করেন গবেষণা। কাজ চলতে থাকে সৌরবিদ্যুতের উপযোগী সিলিং ফ্যান নিয়ে। কয়েক মাস গবেষণাতেই লক্ষাধিক টাকা খরচ হয়ে যায়। ওয়াহিদের এই প্রকল্পের গবেষণা শেষ করতে আরও অর্থ দরকার। জনতা ব্যাংক সামাজিক দায়বদ্ধতার তহবিল থেকে দেয় ১ লাখ টাকা। পরে এতে মূলধন জোগান দেয় বিডি ভেঞ্চার। এসব প্রযুক্তি বাণিজ্যিকীকরণের জন্য এখন কাজ করে যাচ্ছেন তিন তরুণ উদ্যোক্তা।