উদ্যোক্তা চিহ্নিত করতে পৌর মেয়রদের কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার ব্যাংকটি প্রকৃত উদ্যোক্তাদের চিহ্নিত করে তা জানানোর জন্য দেশের সব পৌর মেয়রকে গত মঙ্গলবার চিঠি দিয়েছে।এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বলেন, ‘তথ্যের অভাবে এসএমই খাতের অনেক উদ্যোক্তা চড়া সুদে মহাজনি ঋণ নিয়ে ব্যবসা করছেন। অথচ সে তুলনায় অনেক কম সুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে। বিষয়টি উদ্যোক্তাদের জানাতে ইতিপূর্বে মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়েছে এবং ব্যবসায়িক চেম্বার, জেলা প্রশাসকদেরও সহযোগিতা চাওয়া হয়েছে।’ একই লক্ষ্যে পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছেও চিঠি পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেন। খবর বাসসের।সুকোমল সিংহ চৌধুরী জানান, কেন্দ্রীয় ব্যাংকের এসএমই বিভাগে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৯৫১১৩২০ নম্বরে টেলিফোন করে উদ্যোক্তারা প্রয়োজনীয় সব তথ্য জানতে পারবেন।কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব উৎসের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় এসএমই খাতের উদ্যোক্তারা পাঁচ লাখ থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ক্ষেত্রে নারী উদ্যোক্তারা ঋণ পাবেন সর্বোচ্চ ১০ শতাংশ সুদে। আর পুরুষ উদ্যোক্তাদের বেলায় সুদহার নির্ধারিত হবে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে।