উদ্যোক্তা ঠিক না করেই তহবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তহবিল গঠনের ঘোষণার পর এখন উদ্যোক্তা খোঁজা হচ্ছে। উদ্যোক্তা ঠিক না করেই শিল্প মন্ত্রণালয় সম্প্রতি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক হাজার ২৫০ কোটি টাকার নতুন একটি বিশেষ মিউচুয়াল ফান্ডের ঘোষণা দেয়। ৮ জুলাই রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে এই তহবিলের ঘোষণা দেওয়া হয়।তহবিলটির সম্ভাব্য নাম ঠিক করা হয়েছে আইসিবি এএমসিএল প্রবাসী শিল্প বিনিয়োগ মিউচুয়াল ফান্ড। এটি হবে বেমেয়াদি তহবিল। ফলে প্রাথমিকভাবে এক হাজার ২৫০ কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা দেওয়া হলেও ভবিষ্যতে এটির আকার বড় হওয়ার সুযোগ রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে তহবিলটি গঠন করা হলেও এটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তহবিলটির খসড়া প্রসপেক্টাসে বলা হয়েছে, এক হাজার ২৫০ কোটি টাকার মধ্যে ৪০ শতাংশ বা ৫০০ কোটি টাকা জোগান দেবে উদ্যোক্তারা। বাকি ৬০ শতাংশ বা ৭৫০ কোটি টাকা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীর কাছ থেকে সংগ্রহ করা হবে। এতে আরও বলা হয়, তহবিলটির ৭০ শতাংশ অর্থ বিনিয়োগ করা হবে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন সিকিউরিটিজে। এর মধ্যে ২০ শতাংশ সরাসরি উৎপাদনশীল শিল্পে বিনিয়োগ করা হবে। সরাসরি সরকারি উদ্যোগে এটি গঠন করা হচ্ছে বলে তাতে বিনিয়োগকারীদের বিপুল আস্থা থাকবে বলেও উল্লেখ করা হয়। তহবিলটির উদ্যোক্তা হিসেবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ফান্ড, বিমা কোম্পানি, সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ করপোরেশন, নিবন্ধিত বিদেশি তহবিল যুক্ত হতে পারবে বলে প্রসপেক্টাসে উল্লেখ করা হয়। তহবিলটি পরিচালনার জন্য ট্রাস্ট ও উপদেশক কমিটি নামে দুটি আলাদা কমিটি গঠনেরও কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, তহবিলটির উদ্যোক্তা ঠিক করার প্রক্রিয়া চলছে এখন। এ জন্য শিগগিরই সম্ভাব্য উদ্যোক্তাদের নিয়ে আলাদা সভার আয়োজনের চেষ্টা চলছে। উদ্যোক্তা ঠিক হওয়ার পর তহবিলটি অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেওয়া হবে। বিএসইসির অনুমোদন পাওয়ার পর শুরু হবে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ। প্রসপেক্টাসে বলা হয়েছে, তহবিলটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেসভ্যালু হবে ১০০ টাকা। সর্বনিম্ন ১০০টি ইউনিট নিয়ে গঠন করা হবে প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লট। তবে প্রবাসী বাংলাদেশিদের জন্য এই তহবিল গঠনের ঘোষণা দেওয়া হলেও সরকারের বর্তমান মেয়াদে এটি কার্যকর করা যাবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ, এখন পর্যন্ত তহবিলটির উদ্যোক্তাই ঠিক হয়নি। মিউচুয়াল ফান্ড পরিচালনাকারী একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উদ্যোক্তা নির্বাচন, অনুমোদন ও প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহ করে একটি তহবিলকে পূর্ণাঙ্গ রূপ দিতে কমপক্ষে তিন-চার মাস সময় লাগে।নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা বলেন, উদ্যোক্তা ঠিক না করে কীভাবে তাড়াহুড়া করে এ ধরনের তহবিল গঠনের ঘোষণা দেওয়া হলো সেটি বোধগম্য নয়। সরকারের হাতে যে সময় আছে, তাতে উদ্যোক্তা ঠিক করে আদৌ তহবিলটি আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এ বিষয়ে জানতে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি।