উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনায় আইনি বাধা শিথিল
সম্মিলিতভাবে ৩০ শতাংশের কম শেয়ার ধারণকারী কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনার ক্ষেত্রে আইনি বাধা শিথিল করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। একই সঙ্গে ব্যক্তিগতভাবে দুই শতাংশের কম শেয়ার ধারণকারীদের শেয়ার কেনার ক্ষেত্রে আইনি বাধাও শিথিল করা হয়েছে। আজ বুধবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।সাইফুর রহমান বলেন, ৩০ শতাংশের কম শেয়ার ধারণকারী কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ধারণকৃত শেয়ারের নির্ধারিত সীমা পূর্ণ না হওয়া পর্যন্ত ১৯৯৫ সালের সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালার বিধি ৪-এর উপবিধি ২-এর কার্যকারিতা স্থগিত করা হয়েছে। এ ধারায় কোম্পানির হিসাব বছর শেষ হওয়ার দুই মাস আগ থেকে নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়। ধারাটি শিথিল করার ফলে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনায় আর কোনো বাধা থাকছে না।এর আগে গত ২২ নভেম্বর এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এসইসি। তবে বিষয়টি আগের ওই আইনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এসইসি আজ আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে।গত ২২ নভেম্বরের ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে নিজ নিজ কোম্পানির কমপক্ষে ৩০ শতাংশ শেয়ার সংরক্ষণ করতে হবে। যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ারের পরিমাণ বর্তমানে ৩০ শতাংশের নিচে রয়েছে তাঁদেরকে আগামী ছয় মাসের মধ্যে মোট শেয়ারের পরিমাণ কমপক্ষে ৩০ শতাংশে উন্নীত করতে হবে। এ ছাড়া ব্যক্তিগতভাবে প্রত্যেক পরিচালককে কোম্পানির মোট পরিশোধিত মূলধনের কমপক্ষে দুই শতাংশ শেয়ার সংরক্ষণ করতে হবে।’