উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণের তথ্য চেয়ে ডিএসইর চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালক ও প্রবর্তকদের (প্রমোটার) শেয়ারধারণ-সংক্রান্ত হালনাগাদ তথ্য চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গত রোববার এসব তথ্য চেয়ে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এসব তথ্য ডিএসইতে জমা দিতে হবে। ডিএসই পরিচালনা পরিষদের একজন সদস্য চিঠি প্রদানের বিষয়টি স্বীকার করেছেন। সাধারণ শেয়ারধারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বিদেশিদের হাতে কোম্পানির কী পরিমাণ শেয়ার রয়েছে, তাও জানতে চেয়েছে ডিএসই। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) শেয়ারধারণ-সংক্রান্ত নির্দেশনা জারির পর ডিএসইর পক্ষ থেকে কোম্পানিগুলোর কাছে এসব তথ্য চাওয়া হয়। গত ২২ নভেম্বর এসইসি তালিকাভুক্ত কোম্পানির শেয়ারধারণ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, এখন থেকে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে সব সময় ওই কোম্পানির ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। পাশাপাশি স্বতন্ত্র পরিচালক ছাড়া অন্য পরিচালকদের এককভাবে ওই কোম্পানির ২ শতাংশ শেয়ার ধারণের কথা বলা হয়। যেসব তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকের হাতে বেঁধে দেওয়ার সীমার কম শেয়ার রয়েছে, তাঁদের আগামী ছয় মাসের মধ্যে সেই কোটা পূর্ণ করার নির্দেশ দিয়েছে এসইসি। ডিএসইর হিসাব অনুযায়ী, বর্তমানে তালিকাভুক্ত ৪৬ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৩০ শতাংশের কম শেয়ার রয়েছে।