দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের একমাত্র কোম্পানি গ্রামীণফোনের উদ্যোক্তা পরিচালকদের শেয়ারের ওপর থেকে বিক্রয় নিষেধাজ্ঞা (লকইন) উঠে গেল। আজ রোববার থেকে গ্রামীণফোনের উদ্যোক্তা পরিচালকদের অংশটিও বিক্রয়যোগ্য শেয়ারে পরিণত হচ্ছে। যদিও ১৯ আগস্টই নিষেধাজ্ঞার মেয়াদ পূর্ণ হয়েছিল, তবে সে সময় শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকায় সেটি কার্যকর বিবেচিত হয়নি। তালিকাভুক্তির নিয়ম অনুযায়ী, নতুন তালিকাভুক্ত যেকোনো কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ারের ওপর তিন বছরের লকইন থাকে। আর প্লেসমেন্টে বরাদ্দ দেওয়া শেয়ারের ওপর এক বছরের লকইন থাকে। তালিকাভুক্তির উদ্দেশ্যে কোম্পানির বিবরণী (প্রসপেক্টাস) প্রকাশের দিন থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই হিসাবে প্লেসমেন্টে বরাদ্দ দেওয়া গ্রামীণফোনের শেয়ারের ওপর থেকে আগেই বিক্রয় নিষেধাজ্ঞা উঠে গিয়েছিল, বাকি ছিল শুধু উদ্যোক্তা পরিচালকদের অংশ। গ্রামীণফোনের উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছে নরওয়ের প্রতিষ্ঠান টেলিনর এবং এ দেশীয় প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ও তাদের মনোনীত প্রতিনিধিরা।