উদ্যোক্তা-পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার সংরক্ষণের প্রস্তাব
তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে সব সময় নিজ নিজ কোম্পানির কমপক্ষে ৩০ শতাংশ শেয়ার সংরক্ষণ করতে হবে। যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ারের পরিমাণ বর্তমানে ৩০ শতাংশের নিচে রয়েছে, তাঁদের আগামী ছয় মাসের মধ্যে তাঁদের মোট শেয়ারের পরিমাণ কমপক্ষে ৩০ শতাংশে উন্নীত করতে হবে, যা আগামী তিন মাসের মধ্যে ১৫ শতাংশে উন্নীত করতে হবে।আজ সোমবার রাতে অনুষ্ঠিত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় উপর্যুক্ত সিদ্ধান্তসহ মোট আটটি সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসিতে) প্রস্তাব আকারে পাঠানো হবে। সভা শেষে রাত সাড়ে আটটায় ডিএসইর সভাপতি শাকিল রিজভী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্ত হলো উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি না করে কেবল ব্লক মার্কেটে বিক্রি করা যাবে; সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে যিনি পাঁচ শতাংশ বা তার অধিক শেয়ার এককভাবে সংরক্ষণ বা সংগ্রহ করবেন, তিনি ওই কোম্পানিতে একজন পরিচালক হিসেবে যোগ্য হবেন; প্রত্যেক কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্য থেকে অন্তত একজন পরিচালক নির্বাচিত হবেন; ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ডিএসইর অডিট কমিটি ও ডিমিউচুয়ালাইজেশন কমিটি ব্যতীত অন্য সব কমিটি বিলুপ্ত করা হয়েছে; বোর্ড পরে একটি নির্বাহী কমিটি গঠন করবে; সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে যারা পূর্বে শেয়ার বিক্রি করেছেন এবং বর্তমানে যেসব শেয়ারের মূল্য কম, তাঁরা অনতিবিলম্বে তাঁদের কোম্পানির শেয়ার ক্রয় করবেন; যেসব কোম্পানি এসইসির অনুমোদন নিয়ে প্লেসমেন্টের মাধ্যমে মূলধন বৃদ্ধি করেছেন, সেসব বিনিয়োগকারীকে বিনিয়োগের বিষয় আগামী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু সমাধান করতে হবে; ব্যাংকের পোর্টফোলিও বা মার্কেট এক্সপোজার গণনার ক্ষেত্রে কস্ট বা বাজারমূল্য যেটি কম, সেটি ভ্যালুয়েশনের জন্য গ্রহণ করা হবে।প্রেস ব্রিফিংয়ে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম, সহসভাপতি মো. শাহজাহান, পরিচালক রকিবুর রহমান, আহমেদ রশিদ লালি, মো. ফায়েকুজ্জামান, আবদুল হক, শেখ কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।