উদ্যোক্তা-পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার সংরক্ষণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে নিজ নিজ কোম্পানির পক্ষে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার সংরক্ষণ করতে হবে। যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ারের পরিমাণ বর্তমানে ৩০ শতাংশের নিচে রয়েছে, আগামী ছয় মাসের মধ্যে তাঁদের মোট শেয়ারের পরিমাণ কমপক্ষে ৩০ শতাংশে উন্নীত করতে হবে। এ ছাড়া ব্যক্তিগতভাবে প্রত্যেক পরিচালককে কোম্পানির মোট পরিশোধিত মূলধনের কমপক্ষে দুই শতাংশ শেয়ার সংরক্ষণ করতে হবে।আজ মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, কমিশনের সিদ্ধান্তটি নির্দেশনা আকারে জারি করা হয়েছে। শিগগিরই এ সিদ্ধান্তটি গেজেট আকারে প্রকাশ করা হবে।সাইফুর রহমান বলেন, উদ্যোক্তা-পরিচালকদের শেয়ারের পরিমাণ ৩০ শতাংশে পৌঁছানোর আগ পর্যন্ত তাঁরা নিজেদের কাছে থাকা সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার (বোনাস শেয়ারসহ) হস্তান্তর বা বিক্রি করতে পারবেন না।এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালক শর্ত পূরণে ব্যর্থ হবেন, তাঁদের কোম্পানি কোনো রাইট অফার করতে পারবে না এবং পুনঃ গণপ্রস্তাবের (আরপিও) মাধ্যমে শেয়ার ছেড়ে বাজার থেকে টাকা উত্তোলন করতে পারবে না বলে জানান সাইফুর রহমান।এ দিকে ওই নির্দেশনা অনুযায়ী কোনো পরিচালকের ব্যক্তিগতভাবে নিজ কোম্পানির পরিশোধিত মূলধনের দুই শতাংশের নিচে শেয়ার থাকলে এ ক্ষেত্রে পাঁচ শতাংশ বা তার বেশি শেয়ারধারী বিনিয়োগকারী স্বাভাবিকভাবে (ক্যাজুয়াল ভ্যাকেন্সি) পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিচালক হিসেবে গণ্য হবেন।সাইফুর রহমান বলেন, বেশ কিছুদিন ধরে উদ্যোক্তা-পরিচালকদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা বাজারকে নিম্নমুখী প্রবণতার দিকে নিয়ে যেতে নেতিবাচক ভূমিকা রাখছে। এরই পরিপ্রেক্ষিতে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে, যা বাজারের জন্য ইতিবাচক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাইফুর রহমান।