টিকে থাকাই এসএমই উদ্যোক্তাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনি, আটা, গুড়, তেল—ইত্যাদি উপকরণে বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করেন ক্ষুদ্র উদ্যোক্তা মো. মোস্তফা কামাল। গত এক বছরে এসব কাঁচামালের সব কটির দাম কয়েক গুণ বেড়ে গেছে। এতে মোস্তফা কামালের পণ্য উৎপাদন খরচও অনেক বেড়েছে। কিন্তু সে তুলনায় দাম বাড়েনি। তাই মুনাফার বদলে লোকসান দিয়ে ব্যবসা ধরে রেখেছেন তিনি।  

মোস্তফা কামালের প্রতিষ্ঠানের নাম সেইফ ট্রেডিং, কারখানা রাজধানীর উত্তরায়। মোস্তফা কামাল গতকাল প্রথম আলোকে বলেন, ‘গত এক বছরে আমার কয়েক লাখ টাকা লোকসান হয়েছে। পরিস্থিতি সামলাতে ব্যাংক থেকে ঋণও পাচ্ছি না। অবস্থা এমন যে ব্যবসায় টিকে থাকাই এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’  

করোনার কারণে ২০২০ সালে ব্যবসায় যে ধাক্কা এসেছিল, তা পরবর্তী এক–দেড় বছরে অনেক প্রতিষ্ঠানই সামলে ওঠে। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর ব্যবসায় আবার নতুন করে সংকট দেখা দেয়। বিশেষ করে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতের উদ্যোক্তারা পড়েছেন বেশি সমস্যায়।

মূল্যস্ফীতি ও ডলার–সংকটের চাপ  

চলতি ২০২২–২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৮৪ শতাংশ। একই সময়ে টাকার বিপরীতে ডলারের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। তাতে বেড়ে গেছে আমদানি খরচও। আবার ডলার–সংকটের কারণে আমদানির ঋণপত্র খুলতেও হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে একদিকে দেশের বাজারে প্রয়োজনীয় কাঁচামালের দাম হু হু করে বেড়েছে। অন্যদিকে মূল্যস্ফীতির চাপে পড়ে কেনাকাটায় কাটছাঁট করছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মোস্তফা কামালের মতো দেশের হাজারো ক্ষুদ্র উদ্যোক্তা ব্যবসা পরিচালনা করতে গিয়ে সংকটে পড়েছেন।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান বলেন, বেশির ভাগ এসএমই প্রতিষ্ঠানই ছোট পুঁজির উদ্যোক্তা। বর্তমানে কাঁচামাল ও উৎপাদন ব্যয় কয়েক গুণ বেড়েছে। সে তুলনায় পণ্য–সেবার দাম বাড়েনি। ফলে উদ্যোক্তাদের কেউ কেউ উৎপাদন কমিয়ে, কম মুনাফা করে কিংবা লোকসান দিয়ে ব্যবসায় টিকে আছেন।

ব্যাংকঋণ পাওয়া বড় সমস্যা

এসএমই উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ পাওয়া আগের তুলনায় অনেক সহজ হয়েছে। তারপরও এটিকেই বড় সমস্যা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। প্রথমবার ঋণ নিতে গিয়েই ভোগান্তিতে পড়েছিলেন এসএমই প্রতিষ্ঠান হাতবাক্সের সহপ্রতিষ্ঠাতা তানজিনা তারেক। তিনি জানান, ঋণ নিতে গিয়ে শুরুতে কয়েকটি ব্যাংক ঘুরেও কোনো সাড়া পাননি। ঋণের জন্য নথিপত্র জোগাড় করতেই দীর্ঘ সময় লেগে যায়। তানজিনা তারেক বলেন, একজন নতুন উদ্যোক্তার ওপর ছোট ঋণের জন্য এত পরিমাণে নথির বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণ প্রদান প্রক্রিয়া আরও সহজ করা প্রয়োজন বলে মনে করেন ঢাকা চেম্বারের সভাপতি মো. সামীর সাত্তার। তিনি প্রথম আলোকে বলেন, নথিপত্রের জটিলতার কারণে এসএমই উদ্যোক্তারা প্রয়োজনীয় ঋণ নিতে পারেন না। একই সঙ্গে ঋণ প্রদানের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে আলাদা করে বিবেচনার পরামর্শ দেন এই ব্যবসায়ী নেতা।

স্থানীয় শিল্প বিকাশের পথও খুলছে

কারখানার জন্য কুলিং যন্ত্রসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস সামগ্রী তৈরি করেন আর্টিজান ক্র্যাফটের (বিডি) স্বত্বাধিকারী মো. শাহেদ হাসান। কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় ১৫ শতাংশ পর্যন্ত উৎপাদন খরচ বেড়েছে শাহেদের। কিন্তু তা সত্ত্বেও স্থানীয় বাজারে তাঁর পণ্যের চাহিদা বেড়েছে। শাহেদ হাসান বলেন, ‘ডলার–সংকটের কারণে বিদেশ থেকে বিভিন্ন যন্ত্রের আমদানি কমেছে। ফলে সেই জায়গায় আমার প্রতিষ্ঠানের তৈরি যন্ত্রের বিক্রি বেড়েছে।’

অর্থনীতিবিদেরা বলছেন, বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে এসএমই উদ্যোক্তারা চাপে থাকলেও স্থানীয় বাজার বিকাশের পথও তৈরি হয়েছে। ফলে বেশি মুনাফার দিকে না গিয়ে এই সুযোগে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন তাঁরা।

প্রতিষ্ঠান ও উদ্যোক্তার সংখ্যা বাড়ছে

দেশের এসএমই শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ও কর্মসংস্থান নিয়ে ২০১৯ সালে ‘উৎপাদন শিল্প জরিপ’ করে সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরো (বিবিএস)। জরিপের তথ্যে দেখা গেছে, দেশে এসএমই শিল্পকারখানার সংখ্যা প্রায় সাড়ে ২৬ হাজার। এর মধ্যে ক্ষুদ্র শিল্প ২৩ হাজার ৩০৬টি ও মাঝারি শিল্প ৩ হাজার ১৭৮টি। এ ছাড়া ১৬ হাজার ৭৭০টি অতিক্ষুদ্র শিল্প ও ২ হাজার ৮৫৬টি ভারী শিল্প রয়েছে।

বিবিএসের জরিপের তথ্য অনুযায়ী, সারা দেশে শিল্পকারখানায় প্রায় সাড়ে ৫৪ লাখ শ্রমিক কাজ করেন। এর মধ্যে সাড়ে ১০ লাখ শ্রমিক ছোট ছোট কারখানায় ও পাঁচ লাখ মাঝারি শিল্পে কাজ করেন। কারখানা ও কর্মসংস্থানের এই হিসাব ২০১৯ সালের। গত সাড়ে তিন বছরে এই সংখ্যা আরও বেড়েছে। আর ২০১৩ সালে বিবিএসের করা অর্থনৈতিক শুমারির তথ্য বলছে, দেশে শিল্পকারখানা ও ট্রেডিং মিলিয়ে সিএমএসএমই খাতে উদ্যোক্তা রয়েছে ৭৮ লাখের বেশি।

মোট দেশজ উৎপাদনেও (জিডিপি) এসএমই খাতের অবদান বাড়ছে। ২০১৯–২০ বছরে জিডিপিতে সিএমএসএমই খাতের অবদান ছিল ১ লাখ ২৫৭ কোটি টাকা। ২০২২–২৩ অর্থবছরে তা বেড়ে হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৯৮৫ কোটি টাকায়। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই উদ্যোক্তাদের সুরক্ষায় ঋণ প্রদান সহজ করা ও নীতি সহায়তা আরও বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের।