তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণ
যে যার মতো উদ্যোক্তা বানাচ্ছে
তরুণ উদ্যোক্তা বানাতে কয়েকটি মন্ত্রণালয় ও অধিদপ্তর কাজ করলেও তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। এ খাতে নতুন করে যোগ হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।
বিডা, এসএমই ফাউন্ডেশন, বিসিক, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের মতো প্রতিষ্ঠান তরুণ উদ্যোক্তা বানানোর প্রশিক্ষণ দিচ্ছে।
মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে সমন্বয় না থাকায় একই ব্যক্তি একাধিক জায়গায় প্রশিক্ষণ নিচ্ছেন, আবার কেউ প্রশিক্ষণ পাচ্ছেন না।
‘যুব উদ্যোক্তা নীতিমালার’ আলোকে তরুণ উদ্যোক্তাদের পুঁজি জোগান ও পণ্যের বাজার অনুসন্ধানে কাজ করবে যুব উন্নয়ন অধিদপ্তর।
তরুণদের উদ্যোক্তা বানাতে বেশ কয়েকটি মন্ত্রণালয় ও অধিদপ্তর কাজ করছে। কিন্তু তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। কে কী ধরনের উদ্যোক্তা বানাতে কাজ করছে, তা কেউ জানে না। উদ্যোক্তা তৈরির কর্মসূচিতে নতুন করে যোগ হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। তৈরি করেছে ‘যুব উদ্যোক্তা নীতিমালা’। কিন্তু তরুণ উদ্যোক্তাদের নিয়ে বেসরকারি খাতে কাজ করা কেউ-ই এই নীতিমালা সম্পর্কে জানেন না।
উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে গত মাসে ‘যুব উদ্যোক্তা নীতিমালা ২০২২’ অনুমোদন দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই নীতিমালার আলোকে তরুণ উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের দেশীয় ও আন্তর্জাতিক বাজার অনুসন্ধান করবে যুব উন্নয়ন অধিদপ্তর। পণ্যের বাজারে কোথায় কী প্রতিবন্ধকতা আছে, তা চিহ্নিত করে কার্যকর সমাধানের উপায় বের করবে তারা।
অথচ ১৯৮৫ সাল থেকে দেশে-বিদেশে পণ্যের বাজার সম্প্রসারণের কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে ৩৭ বছরে পোশাক খাতের বাইরে বড় কোনো পণ্যের বাজার বের করতে পারেনি তারা।
‘তরুণদের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। সেই হিসেবে যুব অধিদপ্তরের নীতিমালাকে স্বাগত জানাই। তবে উদ্যোক্তাদের পুঁজির ব্যবস্থা বা শুল্ক ও কর রেয়াতের ব্যবস্থা করে দিতে যুব অধিদপ্তরের কতটা সক্ষমতা আছে, তা নিয়ে প্রশ্ন আছে।’মাসরুর রিয়াজ , পলিসি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বলছে, দেশে এখন পাঁচ কোটির বেশি তরুণ রয়েছেন। তাঁদের জীবনমানের উন্নয়নে এই নীতিমালা করা হয়েছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পলিসি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর রিয়াজ প্রথম আলোকে বলেন, ‘তরুণদের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। সেই হিসেবে যুব অধিদপ্তরের নীতিমালাকে স্বাগত জানাই। তবে উদ্যোক্তাদের পুঁজির ব্যবস্থা বা শুল্ক ও কর রেয়াতের ব্যবস্থা করে দিতে যুব অধিদপ্তরের কতটা সক্ষমতা আছে, তা নিয়ে প্রশ্ন আছে।’
নীতিমালায় বলা হয়েছে, উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি পুঁজি সরবরাহের ব্যবস্থা করবে যুব অধিদপ্তর। গঠন করা হবে একটি ঘূর্ণমান ঋণ তহবিল। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজ শর্তে উদ্যোক্তাদের ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করবে তারা। যুবদের উদ্যোগ বাস্তবায়নে স্টার্টআপ ক্যাপিটাল জোগানে সহযোগিতা করা হবে। পুঁজির ব্যবস্থা করতে বাংলাদেশ ব্যাংকের রি-ফাইন্যান্সিং স্কিম থেকে অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহের ব্যবস্থা করা হবে।
নীতিমালায় আরও বলা হয়, উদ্যোক্তাদের কাঁচামাল আমদানিতে শুল্ক-কর অব্যাহতির উদ্যোগ নেওয়া হবে। উৎপাদিত পণ্য রপ্তানিতে সহযোগিতা এবং উদ্যোক্তাদের কর ও ভ্যাট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। একটি যুব গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।
অভিযোগ আছে, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর উদ্যোক্তা তৈরির কাজ করছে। তাদের সমন্বয় না থাকায় একই ব্যক্তি তিন জায়গায় প্রশিক্ষণ নিচ্ছেন। আবার কেউ কোনো প্রশিক্ষণ পাচ্ছেন না। কোন মন্ত্রণালয় কী ধরনের উদ্যোক্তা তৈরির কাজ করছে, তারও কোনো তথ্যভান্ডার নেই। এতে সরকারি দপ্তরে বিশৃঙ্খলার পাশাপাশি অর্থের অপচয় হচ্ছে।
‘একটি দপ্তর থেকে উদ্যোক্তা তৈরি করতে পারলে ভালো হতো। কিন্তু এটি করা কঠিন। আমাদের তৈরি যুব নীতিমালা অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতা ছাড়া একা বাস্তবায়ন করা সম্ভব নয়।’মেজবাহ উদ্দিন, যুব ও ক্রীড়াসচিব
তরুণ উদ্যোক্তা বানাতে ২০১৯ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ৪৯ কোটি ৫০ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেয়। ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশে ২৪ হাজার শিক্ষিত বেকারকে প্রশিক্ষণ দেওয়া হয়। এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে। এখন মূল্যায়নের কাজ চলছে।
প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান বলেন, প্রকল্পের আওতায় মৎস্য খাত, তথ্যপ্রযুক্তি (আইটি), প্লাস্টিক, চামড়া, পোশাক, কৃষিজাত পণ্য খাতে শিক্ষিত বেকার তরুণদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে। প্রতিষ্ঠানটি দেশে-বিদেশে পণ্যের বাজারজাতকরণে কাজ করছে। উদ্যোক্তাদের ঋণ পাইয়ে দেওয়ারও ব্যবস্থা করছে।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে তাঁরা কাজ করছেন। নারী উদ্যোক্তা তৈরিতেও তাঁরা কাজ করছেন। কোন সংস্থা কী ধরনের উদ্যোক্তা নিয়ে কাজ করছে, তার সমন্বয় করা গেলে আরও ভালো ফল পাওয়া যাবে।
মাসুদুর রহমান বলেন, এসএমই ফাউন্ডেশন খাদ্য ও কৃষিজাত পণ্য, বিউটি পারলার, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাব, ফ্যাশন ডিজাইন নিয়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে।
এ ছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনও (বিসিক) উদ্যোক্তা তৈরির কাজ করছে। তথ্য ও প্রযুক্তি বিভাগ কয়েক বছর ধরে স্টার্টআপ কর্মসূচি চালাচ্ছে। শিল্প ও আইসিটি বিভাগও তরুণ উদ্যোক্তা বানানোর কাজ করছে।
কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গত ১৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ আয়োজিত এক কর্মশালায় অপরিকল্পিতভাবে উদ্যোক্তা বানানোর কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
সেখানে বলা হয়, দেশে বিক্ষিপ্তভাবে উদ্যোক্তা তৈরি হচ্ছে। কে কী বিষয়ে কাজ করছে, কেউ জানে না। এ বিষয়ে কোনো তথ্যভান্ডার নেই। কর্মশালায় উদ্যোক্তা কর্মসূচির দায়িত্ব একটি মন্ত্রণালয়কে দেওয়ার তাগিদ দেওয়া হয়।
যুব ও ক্রীড়াসচিব মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘একটি দপ্তর থেকে উদ্যোক্তা তৈরি করতে পারলে ভালো হতো। কিন্তু এটি করা কঠিন। আমাদের তৈরি যুব নীতিমালা অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতা ছাড়া একা বাস্তবায়ন করা সম্ভব নয়।’
জানা গেছে, যুব নীতিমালা বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে একটি স্টিয়ারিং ও অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে একটি কেন্দ্রীয় কমিটি করা হবে। নীতিমালা বাস্তবায়নে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি বিশদ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
সার্বিক বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান প্রথম আলোকে বলেন, ‘তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। অথচ এই নীতিমালার বিষয়ে আমরা কিছুই জানি না। এ ধরনের নীতিমালা করার সময় বেসরকারি খাতের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।’