আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার’২২ : কৃষি: অর্গানিক চিকেন
প্রতিজ্ঞা থেকেই শুরু ইমরুলের
নানা প্রতিকূলতা সত্ত্বেও একদল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা আমাদের চমৎকৃত করে চলেছেন প্রতিনিয়ত। তাঁদের কেউ কেউ প্রতিজ্ঞায় অটল থাকতে কয়েক লাখ টাকা লোকসানও দিয়েছেন। উদ্যোক্তাদের অনেকে নিজেই তাঁর প্রয়োজনীয় উপকরণ তৈরি করে নিচ্ছেন, কেউ সোনালি আঁশের পুনর্জাগরণের প্রচেষ্টা নিয়েছেন। আবার কেউ একেবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে প্রযুক্তির সহায়তায় নতুন দিনের আলো জ্বালাচ্ছেন। এ রকম সাধারণের মধ্যে অসাধারণ ছয় প্রতিষ্ঠানের সাত উদ্যোক্তা পেয়েছেন আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২২
খামারের সামনে বসে আছেন খামারি। কর্মীরা খুঁজে দেখছেন কোনো মুরগি নতুন করে আক্রান্ত হয়েছে কি না, কিংবা কয়টি মুরগি মারা গেল। প্রতিদিনই দলে দলে মরে যাচ্ছে যত্নের মুরগিগুলো। কর্মীরা দৌড়াদৌড়ি করেন, এলাকার পশুচিকিৎসক বা সুপারভাইজারের কাছে যান। সবার সমাধান একটাই—মুরগিকে ইনজেকশন দাও, অ্যান্টিবায়োটিক দাও। খামারি মাথা নাড়েন, না, কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না।
সেই ব্যাচের সাড়ে তিন হাজার মুরগির মধ্যে আড়াই হাজার বাঁচানো যায়নি। পরের ব্যাচের দুই হাজারও একইভাবে মরেছে। তবু হার মানেননি গাজীপুরের কালিয়াকৈরের বড়ইতলী গ্রামের খামারি মোহাম্মদ ইমরুল হাসান। ঠিকই খুঁজে বের করেন, কীভাবে অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালন করা যায়। সফল এই উদ্যোক্তার অর্গানিক চিকেন নামের খামারে এখন ফরাসি হার্বার্ড প্রজাতির কালার বার্ড, ব্রয়লার ও দেশি জাতের মুরগির সংখ্যা প্রায় ৩৩ হাজার।
২০০৩ সালে বুয়েট থেকে পাস করে দীর্ঘদিন দেশে-বিদেশে টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতে সুনামের সঙ্গে কাজ করেন ইমরুল হাসান। পেশাগত কারণে বেশ কয়েক বছর যুক্তরাজ্য, মিসর, ফিলিপাইন, আরব আমিরাতে অবস্থান করার পর ২০১৪ সালের শেষ দিকে দেশে ফেরেন। তথ্যপ্রযুক্তি, পর্যটন ও কৃষিভিত্তিক বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত হন। তথ্যপ্রযুক্তি খাতে একাধিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর ঠিক করলেন মুরগির খামার করবেন।
দেশে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর চল আছে। যুক্তরাষ্ট্রের ফুড ও ড্রাগ এজেন্সি জানাচ্ছে, শক্তিশালী ও ভয়াবহ অ্যান্টিবায়োটিকের ব্যবহার মুরগিতেই বেশি করা হয়। তাদের কৃষি বিভাগ বলছে, কোনো মুরগিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হলে সেই ডোজ শেষ হওয়ার কমপক্ষে ১০ দিন পর ওই মুরগি খাওয়া উচিত। তথ্যগুলো জানার পর ইমরুল অ্যান্টিবায়োটিকবিহীন আমিষ উৎপাদন করার প্রতিজ্ঞা করেন। নতুন প্রজন্ম মাছের চেয়ে মাংস বেশি পছন্দ করে, তাই পোলট্রি খামারের সিদ্ধান্ত নেন।
২০২০ সালে ইমরুলের মুরগির খামারের যাত্রা শুরু হয়। প্রথম দুটি ব্যাচে সমস্যা হয়নি। তবে গরম পড়তেই হোঁচট খেতে হলো। পরপর দুবার অধিকাংশ মুরগি মারা গেল। তখন অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালনের উপায় খুঁজে বের করেন ইমরুল। বলেন, অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালনের সহজ উপায় হলো বয়সভেদে শেডের তাপমাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে রাখা।
ইমরুল গত জানুয়ারিতে পৌনে চার একর জমি ইজারা নিয়ে আরও সাতটি শেডে খামারকে সম্প্রসারিত করেন। ফ্রি রেঞ্জ মুরগি পালনের ধারণাকে মাথায় রেখে শেডগুলো তৈরি করেছেন। ফ্রি রেঞ্জ হলো মুরগিকে শেডে আটকে না রেখে খোলা জায়গায় ছেড়ে দেওয়া। গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দিতে এখন তাঁর বহরে যুক্ত হয়েছে একাধিক ফ্রিজিং ভ্যান ও পিকআপ। এভাবেই এগিয়ে যাচ্ছেন অর্গানিক চিকেনের মোহাম্মদ ইমরুল হাসান।