তাক তৈরি করে তাক লাগালেন তাঁরা

নানা প্রতিকূলতা সত্ত্বেও একদল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা আমাদের চমৎকৃত করে চলেছেন প্রতিনিয়ত। তাঁদের কেউ কেউ প্রতিজ্ঞায় অটল থাকতে কয়েক লাখ টাকা লোকসানও দিয়েছেন। উদ্যোক্তাদের অনেকে নিজেই তাঁর প্রয়োজনীয় উপকরণ তৈরি করে নিচ্ছেন, কেউ সোনালি আঁশের পুনর্জাগরণের প্রচেষ্টা নিয়েছেন। আবার কেউ একেবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে প্রযুক্তির সহায়তায় নতুন দিনের আলো জ্বালাচ্ছেন। এ রকম সাধারণের মধ্যে অসাধারণ ছয় প্রতিষ্ঠানের সাত উদ্যোক্তা পেয়েছেন আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২২।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসিমুল হক ও আল-মামুন

কাজের খোঁজে মালয়েশিয়ায় গিয়ে স্টিলের র​্যাক বা তাক তৈরির কাজ শিখেছিলেন টাঙ্গাইলের জাহিদ হাসান। ১০ বছর পর যখন ফেরার কথা ভাবলেন, তখন তাঁর মনে হলো, যে কাজটি মালয়েশিয়ায় করছেন, সেটি তো দেশে হয় না। এর বছর পাঁচেক পর নারায়ণগঞ্জের কাঁচপুরে মাস্টার র‍্যাকস অ্যান্ড ফার্নিচার নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন টঙ্গীর আল-মামুন ও মেরিন ইঞ্জিনিয়ার নাসিমুল হক নামের দুই উদ্যোক্তা, যেখানে কাজের সুযোগ পান জাহিদের মতো প্রবাসফেরত শ্রমিকেরা।

আল-মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে পড়াশোনা শেষে বাবার এগজস্ট ফ্যানের ব্যবসার হাল ধরেন। তাঁদের মূল ক্রেতা ছিল পোশাক কারখানাগুলো। সে সুবাদেই নারায়ণগঞ্জের অনন্ত গ্রুপের উন্নয়ন বিভাগের পরিচালক মো. শাহবুদ্দিনের সঙ্গে পরিচয়, যিনি আল-মামুনকে র‍্যাক ব্যবসা শুরু করার পরামর্শ দেন। এ জন্য তাঁকে গুরু মানেন মামুন। শুরুতে চীন ও মালয়েশিয়া থেকে র‍্যাক আমদানি করতেন লোকজন। পণ্য আনতে মালয়েশিয়ায় গিয়ে দেখলেন যে একটি কারখানার সব শ্রমিকই বাংলাদেশি। সেই কোম্পানিকে বাংলাদেশেই কারখানা তৈরির প্রস্তাব দেন মামুন। কিন্তু খরচ নিয়ে মতৈক্য না হওয়ায় তিনি পিছিয়ে আসেন।

পরে শাহবুদ্দিনের পরামর্শে নিজেই কারখানা স্থাপনের উদ্যোগ নেন। এতে সহ–উদ্যোক্তা হিসেবে পান নাসিমুল হক নামের এক মেরিন ইঞ্জিনিয়ারকে। বন্ধুদের এক আড্ডায় দুজনের পরিচয়। ২০১৭ সালের অক্টোবরে দুজন মিলে সাড়ে চার কোটি টাকার পুঁজি নিয়ে ব্যবসায় নেমে পড়েন। কাঁচপুরে ৫৫ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে গড়ে তোলেন মাস্টার র​্যাক।

মামুন বলেন, ‘আমার আমদানি করা র​্যাক নিলেও ক্রেতারা দেশে তৈরি র​্যাক নিতে চাননি। প্রায় ১০ মাস পর আমরা একসঙ্গে সাড়ে ৫ কোটি টাকার একটি বড় কাজ পাই। এরপর আমাদের প্রতি অন্য ক্রেতাদেরও আস্থা তৈরি হয়। ফলে আর পেছন ফিরে তাকাতে হয়নি।’

মামুন–নাসিমুল এখন বিদেশে পণ্য রপ্তানির স্বপ্ন দেখেন। এ লক্ষ্যে চট্টগ্রামে কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেন তাঁরা। প্রথমবারের মতো দেশে নিয়ে আসা হয়েছে শত ফুট উচ্চতার স্টিলের কাঠামো তৈরির র‍্যাক ফর্মিং মেশিন।

মামুন বলেন, ‘পাঁচ বছর আগেও দেশে র​্যাকের বাজার ছিল শতভাগ আমদানিনির্ভর, যা এখন ৮–১০ শতাংশে নেমে এসেছে, তা ২০২৩ সালে শূন্য শতাংশে নামিয়ে আনার স্বপ্ন দেখি আমরা।’