কৃত্রিম হাত-পা সংযোজনে বিউটির হাসি

নানা প্রতিকূলতা সত্ত্বেও একদল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা আমাদের চমৎকৃত করে চলেছেন প্রতিনিয়ত। তাঁদের কেউ কেউ প্রতিজ্ঞায় অটল থাকতে কয়েক লাখ টাকা লোকসানও দিয়েছেন। উদ্যোক্তাদের অনেকে নিজেই তাঁর প্রয়োজনীয় উপকরণ তৈরি করে নিচ্ছেন, কেউ সোনালি আঁশের পুনর্জাগরণের প্রচেষ্টা নিয়েছেন। আবার কেউ একেবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে প্রযুক্তির সহায়তায় নতুন দিনের আলো জ্বালাচ্ছেন। এ রকম সাধারণের মধ্যে অসাধারণ ছয় প্রতিষ্ঠানের সাত উদ্যোক্তা পেয়েছেন আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২২। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিগ্রি পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই ব্র্যাকে কর্মজীবন শুরু করেন বিউটি। তবে ঋণ আদায়ে মোটেই সিদ্ধহস্ত হতে পারছিলেন না। পরে ব্র্যাকের কৃত্রিম হাত-পা সংযোজন কেন্দ্রে যোগ দেন। চাকরির প্রথম দিন দেখলেন, সব পুরুষ সহকর্মী কাজটি করতে আগ্রহ দেখাচ্ছেন না। বিউটি বেগম বলেন, ‘সেদিন রোগীদের দেখে ও কথা বলে আমার মনে হয়েছে, এই কাজের মধ্য দিয়ে মানুষের সেবা করা হবে।’

পরে বিউটিসহ ৬ জন নারী কর্মী ব্র্যাকের হয়ে ১০০ দিনের একটি প্রশিক্ষণ নিতে চলে যান ভারতের রাজস্থানে। সেখানেই প্রথমে শেখেন কীভাবে কৃত্রিম হাত-পা ইত্যাদি সংযোজন করতে হয়। প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ঢাকা সেন্টারেই কাজের সুযোগ পান। ২০০৪ সালে তামিলনাড়ুর ভেলোরে আড়াই বছরের কোর্সের জন্য নির্বাচিত হন বিউটি। সে সময় সহকর্মী মনিরুল ইসলামের সঙ্গে পরিচয় হয়। কোর্স শেষে ২০০৭ সালে দেশে ফিরে তাঁরা দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৯ সালে ব্র্যাক একটি সেন্টার খোলে হাইতিতে। সেখানে চলে যান মনিরুল ইসলাম।

নিজে কিছু করার তাগিদ থেকেই চাকরি ছেড়ে দিয়ে ঢাকার শ্যামলীতে দুটি কক্ষ ভাড়া নেন। প্রভিডেন্ট ফান্ড ও ব্যাংকে জমানো টাকা দিয়ে কয়েক মাসের বাড়িভাড়া, একজন সহকারী ও একজন পরিচ্ছন্নতাকর্মী নিয়ে ২০১৪ সালের জানুয়ারিতে বিউটি বেগমের ‘ইজি লাইফ ফর বাংলাদেশ’-এর যাত্রা শুরু হয়। প্রথম মাসেই খরচ বাদ দিয়ে তাঁর বাড়িভাড়ার টাকা উঠে এলে তিনি আরও উৎসাহিত হন।

বিউটি বেগম যেসব কৃত্রিম হাত-পা সংযোজন করেন, সেগুলো জার্মানি থেকে আমদানি করেন। সংযোজন করার জন্য কিছু উপকরণ তাঁর মোহাম্মদপুর অফিসে মাপমতো বানিয়ে নেওয়া হয়। কৃত্রিম হাত-পা সংযোজনের পর ৫-১০ দিন অনুশীলন করানো হয়। এ জন্য অফিসের পাশেই একটি ডরমিটরি রয়েছে।

দুজন নিয়ে শুরু করা ইজি লাইফ ফর বাংলাদেশে এখন ২৫ জন কর্মী কাজ করেন। বরিশাল ও কুমিল্লাতেও তার দুটি শাখা রয়েছে।

বিউটি বেগম বলেন, দেশেই যদি কৃত্রিম অঙ্গ তৈরির কিট কম্পোনেন্ট পাওয়া যেত, তাহলে আরও অনেক মানুষকে চলনশক্তি ফিরিয়ে দিয়ে নতুন জীবন দেওয়া যেত। তাঁর বিশ্বাস, ভবিষ্যতে কেউ না কেউ এগিয়ে আসবেন এই কাজে।