যেভাবে দেশে ফিরে সফল উদ্যোক্তা হলেন রেজোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজোয়ান আহমেদ
সংগৃহীত

বিদেশের নিশ্চিত জীবন ছেড়ে দেশে কিছু করার তীব্র আকাঙ্ক্ষায় অস্ট্রেলিয়া থেকে ফিরে আসেন রেজোয়ান আহমেদ। অস্ট্রেলিয়ায় থাকার সময় যুক্তরাষ্ট্রের একটি নামকরা ক্রেতা প্রতিষ্ঠানের হয়ে পণ্য সংগ্রহ বা সোর্সিংয়ের কাজ করতেন।

সেই অভিজ্ঞতা ও যোগাযোগ কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে গড়ে তোলেন পোশাকশিল্পের ঝুট কাপড় পুনর্ব্যবহার করে তৈরি হওয়া সুতা থেকে কাপড় বা ফেব্রিকস তৈরির পরিবেশবান্ধব কারখানা। শতভাগ রপ্তানিমুখী এ কারখানার যাত্রার শুরুটা খুব স্বাভাবিক ছিল না।

বিদেশফেরত রেজোয়ান দেশে ফিরে এ কারখানা করার জন্য এক কোটি টাকা ঋণের জন্য ঘুরতে থাকেন ব্যাংকের দ্বারে দ্বারে। ব্যাংকঋণ নিতে হলে জামানত লাগে। কিন্তু ব্যাংকে জামানত দেওয়ার মতো কোনো সম্পদই দেশে ছিল না রেজোয়ানের। কিন্তু শেষ পর্যন্ত রেজোয়ানের ভিন্নধর্মী এ কারখানা স্থাপনে সহযোগিতার হাত বাড়ায় ইসলামী ব্যাংক।

শুধু উদ্যোগের ধরন ও বিদেশফেরত এক উদ্যোক্তাকে সহায়তা দিতে ব্যাংকটি জামানতবিহীন ঋণ বা বিনিয়োগ করে এ প্রকল্পে। নিজের এক কোটি ও ব্যাংকের এক কোটি টাকা মিলিয়ে আড়াইহাজারে বন্ধ একটি কারখানা ভাড়া নিয়ে সেখানে নতুন ধরনের কারখানা চালু করেন রেজোয়ান। মাত্র ৩৫ জন কর্মী নিয়ে ২০১৬ সালে শুরু হয়েছিল তাঁর এ যাত্রা।

বর্তমানে এ কারখানায় এক হাজার কর্মী কাজ করেন। রেজোয়ান বলেন, তাঁর কারখানায় পরিবেশবান্ধব উপায়ে তৈরি পণ্য রপ্তানি হয় ইউরোপ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানে। ঝুট কাপড় পুনর্ব্যবহার করে উৎপাদিত সুতা থেকে কাপড় তৈরি করেন তাঁরা।

পরিবেশবান্ধব এ সুতা থেকে কাপড় তৈরিতে কোনো ধরনের ডায়িং করা হয় না। ফলে বাড়তি কোনো বিদ্যুৎ ও গ্যাসের দরকার হয় না। ২০১৬ সালে যখন এ কারখানা চালু করেন, তখন দক্ষিণ এশিয়ায় এ ধরনের কারখানা ছিল একটিই। এরপর ভারতেও এ ধরনের একটা কারখানা গড়ে ওঠে।

রেজোয়ান বলেন, ‘এ দেশে যেকোনো নতুন উদ্যোগ বা এসএমই উদ্যোক্তাদের জন্য বড় সমস্যা ঋণ পাওয়া। সময়মতো যথাযথ ঋণসহায়তা না পাওয়ায় অনেক উদ্যোগই আলোর মুখ দেখে না। সে ক্ষেত্রে হয়তো আমি কিছুটা সৌভাগ্যবান। ইসলামী ব্যাংক আমাকে জামানতবিহীন বিনিয়োগ দিতে রাজি হওয়ায় আমার উদ্যোগটা আলোর মুখ দেখেছে।’

রেজোয়ান জানান, বর্তমানে এসএমইসহ যেকোনো কোম্পানির ঋণ পাওয়ার ক্ষেত্রে নথিপত্র যাচাই-বাছাইয়ের জন্য ডিভিএস (ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম) ব্যবস্থা চালু করা হয়েছে। এ পদ্ধতিতে নিরীক্ষকদের মাধ্যমে আর্থিক হিসাব যাচাই-বাছাই করতে হয়।

বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের জন্য ব্যবস্থাটি হয়তো ঠিক আছে। কিন্তু এসএমই কোম্পানিগুলোর জন্য এটি করা বেশ ব্যয়সাপেক্ষ ও জটিল। কারণ, বেশির ভাগ এসএমই প্রতিষ্ঠানের নিরীক্ষক নিয়োগের আর্থিক সক্ষমতা থাকে না। আবার অনেকে আর্থিক নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ করে না।

তাই এসএমই প্রতিষ্ঠানের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে ডিভিএস ব্যবস্থাটিকে বাধ্যতামূলক না করার সুপারিশ রেজোয়ানের।  

বর্তমানে রেজোয়ানের অস বাংলা জুটেক্স নামের প্রতিষ্ঠানের ব্যাংকঋণের পরিমাণ প্রায় সাড়ে ১২ কোটি টাকা। আর প্রতিষ্ঠানটির বার্ষিক লেনদেন বা টার্নওভার ৬৫ কোটি টাকা। হাজার কর্মীর প্রতিষ্ঠানটিকে ভাড়াভিত্তিক কারখানা থেকে নিজস্ব জমিতে স্থানান্তর করার স্বপ্ন দেখছেন রেজোয়ান।