পরিশ্রমের বিকল্প নেই

বহুজাতিক প্রতিষ্ঠানে দায়িত্বরত একমাত্র বাংলাদেশি নারী ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। তিনি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। চট্টগ্রামে তাঁর পৈতৃক নিবাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি নেন। ১৯৮৪ সালে তিনি সিবা গেইগিতে পেশাজীবন শুরু করেন। পরে ১৯৯০ সাল যোগ দেন বার্জার পেইন্টসে। এ দেশে বার্জারের ব্যবস্থাপনা পর্যায়ে প্রথম নারী কর্মী তিনি। ২০০৮ সালে তিনি বার্জারের ব্যবস্থাপনা পরিচালক হন। এক যুগ ধরে তিনি এই বহুজাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে আসছেন। প্রথম আলোকে জানালেন নিজের সেই পথ চলার গল্প। সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপালী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড
ছবি: প্রথম আলো

প্রশ্ন :

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে আপনার দেখা ব্যবসা ক্ষেত্রে নারী উন্নয়নে ইতিবাচক পরিবর্তন কী কী?

গত অর্থ শতাব্দীতে ব্যাপক পরিবর্তন এসেছে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে তৃণমূল পর্যায়ে বিপ্লব হয়েছে। তৈরি পোশাক খাতের নারী কর্মীরা দেখিয়ে দিয়েছেন, তাঁরা পারেন। লাখ লাখ নারী কর্মীর ওপরেই এই খাত দাঁড়িয়ে আছে। এ ছাড়া মধ্যবিত্ত পরিবারের মনোজগতেও বিশাল পরিবর্তন এসেছে। মধ্যবিত্ত পরিবারের নারীরা এখন নিজের পায়ে দাঁড়াতে চান, তাঁরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চান। গত ৫০ বছরে গরিব, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বেড়েছে। যেমন ব্যাংকিং খাতে বিপুলসংখ্যক শিক্ষিত নারী কাজ করছেন। দু–তিন দশক আগেও ব্যাংকিং খাতে এমন দৃশ্য চোখে পড়ত না। এ দেশের সেবা খাতেও নারীদের অংশগ্রহণ বেড়েছে। বাংলাদেশ রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার একজন নারী। আবার ছোট-বড় শিল্পনির্বিশেষে উদ্যোক্তা হিসেবে নারীদের আগমন ঘটেছে।

সব মিলিয়ে ‘আমরা করতে পারি’—এমন মনোভাব এসেছে নারীদের মধ্যে। এ দেশে ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে পড়াশোনার প্রচেষ্টা বেশি। প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার একজন নারী। এ দেশের নারীদের জন্য অনুপ্রেরণা।

আমার প্রত্যাশা হলো, মা হওয়ার পর যেন কোনো নারীর ক্যারিয়ার বাধাগ্রস্ত না হয়। মা হওয়ার পর বিপুল সম্ভাবনাময় থাকার পরও অনেক নারীর ক্যারিয়ার আটকে যায়। মা হওয়া একটি প্রাকৃতিক ব্যাপার। উন্নত দেশের মতো মায়েদের মাতৃত্বকালীন ছুটি, বাবাদের পিতৃত্বকালীন ছুটি দিলে এবং কর্মস্থলে শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তুলতে পারলে মাতৃত্বের কারণে নারীদের ক্যারিয়ার আটকে যাবে না।

প্রশ্ন :

তরুণদের প্রতি কী প্রত্যাশা করছেন?

আমাদের সময় নিজের ক্যারিয়ার গড়ার পথে যেসব বাধা ছিল, এখন তরুণদের সামনে তা নেই। তারা দেশে ছাপিয়ে বিদেশেও দাপিয়ে বেড়াচ্ছে। এ দেশের তরুণ প্রজন্ম অনেক প্রতিষ্ঠানে সিদ্ধান্ত নেওয়ার মতো নেতৃত্ব স্থানীয় পর্যায়ে কাজ করছে। তাদের মধ্যে নেতৃত্বগুণ তৈরি হচ্ছে।

তবে আমার প্রত্যাশা হলো, মা হওয়ার পর যেন কোনো নারীর ক্যারিয়ার বাধাগ্রস্ত না হয়। মা হওয়ার পর বিপুল সম্ভাবনাময় থাকার পরও অনেক নারীর ক্যারিয়ার আটকে যায়। মা হওয়া একটি প্রাকৃতিক ব্যাপার। উন্নত দেশের মতো মায়েদের মাতৃত্বকালীন ছুটি, বাবাদের পিতৃত্বকালীন ছুটি দিলে এবং কর্মস্থলে শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তুলতে পারলে মাতৃত্বের কারণে নারীদের ক্যারিয়ার আটকে যাবে না।

প্রশ্ন :

এই সময়ের তরুণদের প্রতি আপনার পরামর্শ কী?

তরুণদের মধ্যে পেশা নিয়ে একধরনের আকাঙ্ক্ষা আছে। তারা যে কাজ করতে ভালোবাসে, সেটাই করতে চায়। তাদের বলব, স্বপ্নকে জাগিয়ে রাখতে চেষ্টা অব্যাহত রাখতে হবে। আশা-আকাঙ্ক্ষা বাঁচিয়ে রাখতে হবে। কঠিন পরিশ্রমের বিকল্প নেই। তবে কাজের প্রতি সন্তুষ্টিও যেন থাকে। যে কাজটা তারা (তরুণ-তরুণীরা) করছে, তা ভালোভাবে করতে পারলেই হলো। এ ছাড়া অধ্যবসায় সফলতার অন্যতম চাবিকাঠি। এই অধ্যবসায়ই সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যের সঙ্গে নিজের ব্যবধান গড়ে দেয়। একটি বইয়ে পড়েছিলাম—কোনো একটি বিষয়ে ১০ হাজার ঘণ্টা লেগে থাকলে ওই বিষয়ে দক্ষ (মাস্টার) হওয়া যায়।

প্রশ্ন :

‘নারী’ বলে আপনার জীবনে কোনো বাধা এসেছে কি?

তরুণ বয়সে সবার জীবনেই বাধা আসে। এই বাধা শুধু পরিবার থেকে আসে, তা নয়, এই বাধা পারিপার্শ্বিক অবস্থা থেকেও আসে। এই পারিপার্শ্বিক অবস্থা দূর করতে কর্মজীবী নারীদের যাতায়াতের ক্ষেত্রে নির্বিঘ্ন সুবিধা তৈরি করতে হবে। এ ছাড়া রাতের পালায় কাজ করা নারী কর্মীদের পরিবহনসুবিধা নিশ্চিত করতে হবে।

আমার তরুণ বয়সে পরিবার থেকে বাধা আসেনি বললেই চলে। কারণ, আমার বাবা ছিলেন একজন চিকিৎসক। তিনি বলতেন, যা হতে চেষ্টা করবে, তাই হতে পারবে। তাই জীবন গঠনে শুধু মা নয়, বাবার ভূমিকাও গুরুত্বপূর্ণ। নিজের ক্যারিয়ার গঠনে আমি পরিবার থেকে এ ধরনের সহযোগিতা পাওয়ায় খুবই ভাগ্যবান। আমার কথা হলো, একজন নারীকে ক্যারিয়ার গঠনে ভাগ্যের সহায়তা নিতে হবে কেন? এটা তো তার অধিকার। নারী নয়, মানুষ হিসেবে সুযোগ দিতে হবে।

প্রশ্ন :

আপনার সাফল্যের গোপন রহস্য কী?

এক কথায় অধ্যবসায়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা অধ্যবসায়ের সঙ্গে করেছি। আমি একজন দায়িত্বশীল মানুষ। আমি খুব ট্যালেন্টেড (মেধাবী) নয়। কিন্তু খেটে খাওয়া মানুষ আমি।

প্রশ্ন :

আপনার ক্যারিয়ারে সন্ধিক্ষণ কোনটি ছিল?

দুটি ঘটনাকে আমি সন্ধিক্ষণ বলে মনে করি। প্রথমত, ১৯৮১-৮২ সালে আমি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ভর্তি হয়। ১৯৮৪ সালে ডিগ্রি এমবিএ ডিগ্রি অর্জন করি। এই এমবিএ ডিগ্রি আমার পেশাজীবনের সন্ধিক্ষণে সূচনা করে। আবার ২০০৮ সালে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হই। এটিও আমার জীবনের সন্ধিক্ষণ। বাংলাদেশের নারী বহুজাতিক কোম্পানি চালাতে পারেন—এটি এখন নারীদের কাছে এমন অনুপ্রেরণার প্রতীক হয়েছে।