প্রণোদনার ঋণ পাচ্ছেন না প্রান্তিক উদ্যোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ঠিক কত মানুষ কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) খাতের ব্যবসা ও উৎপাদনের সঙ্গে যুক্ত, তার সঠিক হিসাব নেই। তবে পুরোনো ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার বলছে, দেশজুড়ে কুটির ও ছোট-মাঝারি শিল্পপ্রতিষ্ঠান ৭৮ লাখের বেশি। আর কর্মসংস্থানের ৩৬ শতাংশ হয়েছে সিএমএসএমই খাতে। আর উদ্যোক্তাদের বেশির ভাগ বড় হচ্ছেন অপ্রাতিষ্ঠানিক খাত থেকে অর্থায়ন নিয়ে। এর মধ্যে রয়েছে নিজের পরিবার ও স্থানীয় এনজিও।

জানা যায়, গত বছর করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে সরকার কম সুদের বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা প্যাকেজ দেওয়া হয় সিএমএসএমই খাতের জন্য। এই ঋণের সুদহার ৯ শতাংশ হলেও গ্রাহকদের দিতে হচ্ছে ৪ শতাংশ। ৫ শতাংশ সুদ ভর্তুকি দিচ্ছে সরকার। এই তহবিলের প্রায় ১৫ হাজার কোটি টাকা ঋণ পেয়েছেন ৯৪ হাজার উদ্যোক্তা।

এদিকে নিম্ন আয়ের পেশাজীবীদের জন্য কেন্দ্রীয় ব্যাংক যে ৩ হাজার কোটি টাকা প্যাকেজ দিয়েছিল, তার প্রায় আড়াই হাজার কোটি টাকা বিতরণ হয়েছে। ক্ষুদ্রঋণ সংস্থার মাধ্যমে বিতরণ করা এই ঋণের সুদহারও ৯ শতাংশ। ঋণ পেয়েছেন প্রায় সাড়ে ৩ লাখ পেশাজীবী।

তবে দেশে প্রান্তিক পর্যায়ের যে উদ্যোক্তা শ্রেণি রয়ে গেছে, তাদের বেশির ভাগ এখনো অর্থায়নের বাইরে রয়েছে। এ জন্য বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে ১০ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছিল সরকার, এখনো তা আলোর মুখ দেখেনি।

ইস্টার্ণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, করোনায় ছোট–বড় সব উদ্যোক্তাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। বড় উদ্যোক্তারা যেভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন, ছোটরা সেভাবে পারছেন না। ব্যাংকগুলো ঋণ দেওয়ার মতো ছোট গ্রাহকই খুঁজে পাচ্ছে না। আবার বিক্রি না থাকলে ঋণ নিয়ে কী হবে, এ জন্য অনেকে ব্যাংকে আসছেন না। এরপরও ব্যাংকগুলোর প্রণোদনার ঋণের টাকার যথাযথভাবে বিতরণ করেছে। এখনো ঋণ বিতরণ চলছে।

জেলা পর্যায়ের উদ্যোক্তারা বলছেন, প্রান্তিক উদ্যোক্তাদের অনেকেই ব্যবসা ছোট করে এনেছেন। পণ্য বিক্রি না হওয়ায় কেউ কেউ ব্যবসা গুটিয়ে ফেলেছেন। যাঁরা অনলাইন মাধ্যমে পণ্য বিক্রি করতে পারছেন, তাঁরা এই সময়ে ভালো করছেন। ঝরে পড়া উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সরকারের বিশেষ উদ্যোগ প্রয়োজন।

তাঁরা বলছেন, সিএমএসএমই খাতের জন্য বরাদ্দ করা ঋণ প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে পারেনি। মূলত শহরকেন্দ্রিক উদ্যোক্তারা এই ঋণ পেয়েছেন। নথিপত্রের ঘাটতি থাকায় ব্যাংকগুলো তাঁদের ঋণ দিতে আগ্রহ দেখাচ্ছে না।