ব্যবসা বন্ধ হয়েছে অনেকের
এসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ সুবিধা নিয়ে কথা বলেছেন বেসরকারি ইস্টার্ণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার।
প্রথম আলো: করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এসএমই খাতের উদ্যোক্তারা। এখন কতটা ঘুরে দাঁড়িয়েছেন?
এম খোরশেদ আনোয়ার: ঢাকা চেম্বারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৫ শতাংশ আসে সিএমএসএমই খাত থেকে। এসএমই খাত সারা বিশ্বে উন্নয়নের চালিকা শক্তি। আমাদের দেশেও এসএমই খাতে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। বর্তমানে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এসএমই খাতের অবদান ২৫ শতাংশের মতো। করোনায় এ খাতের উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০২১ সালে তাঁদের বিক্রি স্বাভাবিক সময়ের চেয়ে ৮৬ শতাংশ কমে গেছে।
প্রথম আলো: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ তাদের কাছে কতটা যাচ্ছে?
এম খোরশেদ আনোয়ার: বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত এ খাতের জন্য ঘোষিত প্রণোদনার ৭২ দশমিক ২৭ শতাংশ বিতরণ করা হয়েছে। তবে ঋণ হিসেবে দেওয়া এ প্রণোদনা কর্মসংস্থানে প্রভাব ফেলতে পারেনি। সে জন্য এমন একটা উপায় বের করতে হবে, যাতে বেশির ভাগ প্রতিষ্ঠানকে প্রণোদনা দেওয়া যায়। সিএমএসএমই খাতের জন্য বরাদ্দ করা ঋণও প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে পারেনি। এতে ব্যবসা বন্ধ হয়েছে অনেকের।
প্রথম আলো: ৯ শতাংশ সুদের কারণে কি তাদের কাছে ঋণ কম পৌঁছাচ্ছে?
এম খোরশেদ আনোয়ার: ২০২৪ সালের মধ্যে জিডিপিতে সিএমএসএমই খাতের অবদান ৩২ শতাংশে উন্নীত করার লক্ষ্য অর্জন করতে হলে এসএমই বন্ড চালুর বিকল্প নেই। মোট কর্মসংস্থানের ৩৬ শতাংশ হয়েছে সিএমএসএমই খাতে। তাই এ খাতের উদ্যোক্তাদের কম সুদে ঋণ দিতে হবে। সিএমএসএমই খাতের প্রণোদনা ঋণ থেকে যে ১৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে, তার বড় অংশই পেয়েছেন ব্যবসা ও সেবা খাতের উদ্যোক্তারা। উৎপাদন খাতের উদ্যোক্তারা ঋণ পেয়েছেন খুবই কম। ক্ষুদ্র ঋণ সংস্থার মাধ্যমে নিম্ন আয়ের পেশাজীবীদের ৯ শতাংশ সুদে ঋণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে কিছুটা সাড়া মিলেছে। এই ঋণ প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে।