সব জেলায় যাবে লংকাবাংলা
এসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ সুবিধা নিয়ে কথা বলেছেন লংকাবাংলা ফাইন্যান্সের এসএমই বিভাগের প্রধান কামরুজ্জামান খান।
প্রথম আলো: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) নিয়ে সরকারের যে পরিকল্পনা, তা বাস্তবায়নে লংকাবাংলা কী ধরনের সহযোগিতা করছে?
মো. কামরুজ্জামান খান: সরকার ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে লংকাবাংলা ফাইন্যান্স। এসএমই খাত নিয়ে আমাদের আলাদা বিভাগ আছে। বর্তমানে ৩০০ লোক এই খাতে ঋণ বিতরণের কাজ করছেন। আমরা মোট ঋণের ২৮ শতাংশ বিতরণ করছি এসএমই খাতে। নারী উদ্যোক্তাদের জন্যও কাজ করছে লংকাবাংলা। এখন আমাদের মোট গ্রাহক ৫ হাজার ২০০ জন।
প্রথম আলো: লংকাবাংলার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
কামরুজ্জামান খান: লংকাবাংলা এখন ২২ জেলায় এসএমই ঋণ নিয়ে কাজ করছে, যা পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে আমাদের। সে অনুযায়ী ২০২৫ সালের মধ্যে প্রতিটি থানায় একজন করে প্রতিনিধি নেব আমরা এবং ঋণ দেব। তবে এই কার্যক্রম পরিচালিত হবে ভার্চ্যুয়াল উপায়ে।
প্রথম আলো: লংকাবাংলার এসএমই ঋণ বিতরণ সম্পর্কে জানতে চাই?
কামরুজ্জামান খান: লংকাবাংলা এসএমই ঋণ বিতরণ শুরু করে ২০১৪ সালে। প্রথম বছর ঋণ বিতরণ হয় ৪৯ কোটি টাকা। সাত বছর পরে এখন এসএমই খাতে আমাদের ঋণের স্থিতি ১ হাজার ৮০০ কোটি টাকা। আমরা এসএমই ঋণের ওপর জোর দিচ্ছি। এরই অংশ হিসেবে ১০ কোটি টাকার ঋণ বিতরণে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে সম্প্রতি আমাদের একটা চুক্তি হয়েছে। ইতিমধ্যে দেড় কোটি টাকা ঋণ দিয়েছি।
প্রথম আলো: করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত হলো এসএমই। এই ক্ষতিগ্রস্তদের জন্য আপনাদের ভূমিকা কী ছিল?
কামরুজ্জামান খান: সরকারের ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে লংকাবাংলা ১৪০ কোটি টাকা নিয়ে ৭৫০ জন ক্ষতিগ্রস্তকে দিয়েছে।