১১ কোটি টাকা বিনিয়োগ পেল স্টার্টআপ প্রতিষ্ঠান শিখো
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়কে অনলাইনে শিক্ষার্থীদের সামনে সহজ করে ফুটিয়ে তুলতে ১৩ লাখ মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ পেয়েছে বাংলাদেশভিত্তিক শিক্ষা প্রযুক্তি স্টার্টআপ শিখো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১ কোটি টাকার কিছু বেশি। বিদেশি তিনটি ভেঞ্চার ক্যাপিটাল ও একজন ব্যক্তি থেকে এই বিনিয়োগ পেয়েছে শিখো। গতকাল বুধবার শিখোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। এই টাকা দিয়ে অনলাইনে সব শ্রেণির সব বিষয়ের জন্য কোর্স তৈরি হবে।
দেশের ১৭ কোটি মানুষের অর্ধেকই ২৫ বছরের নিচে হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের জন্য দেশে মানসম্পন্ন শিক্ষার অভাব রয়েছে। বিশ্বমানের আধুনিক শিক্ষার অভিজ্ঞতায় শিক্ষার্থীদের সুযোগ গ্রহণ নিশ্চিত করতে ডিজিটাল পড়াশোনা কার্যক্রম গড়ে তুলছে শিখো।শাহীর চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, শিখো
জাতীয় পাঠ্যক্রম শিক্ষাকে অনলাইনে সহজ ও সাশ্রয়ী করে তুলতে ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে স্টার্টআপ শিখোর। দুই বন্ধু শাহীর চৌধুরী ও জিশান জাকারিয়া এটি তৈরি করেন। বর্তমানে শাহীর চৌধুরী এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আর জিশান জাকারিয়া প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও)।
বাংলাদেশের শিক্ষা কার্যক্রমকে ডিজিটালাইজড করার জন্য যে তিনটি ভেঞ্চার ক্যাপিটাল এবং এক ব্যক্তি শিখোতে বিনিয়োগ করেছে, তাদের মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্রের সিলিকনভিত্তিক ভেঞ্চার লার্ন ক্যাপিটাল। আরেকটি হলো নিউইয়র্কভিত্তিক ভেঞ্চার অ্যাঙ্করলেস বাংলাদেশ। এই ভেঞ্চার শুধু বাংলাদেশের স্টার্টআপে বিনিয়োগ করে থাকে। এ ছাড়া রয়েছে ওয়েবমেকার পার্টনার্স। এটি সিঙ্গাপুরভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান। স্টার্টআপে অর্থায়নকারী যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টিচেবলের প্রতিষ্ঠাতা আঙ্কুর নাগপালও ব্যক্তিগতভাবে বিনিয়োগ করেছে শিখোতে।
শিখোর দুই উদ্যোক্তা জানিয়েছেন, অ্যাপে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে বিষয়গুলোকে সহজভাবে ব্যাখ্যা করা হবে। রিয়েল টাইম ডেটা অ্যানালিটিকসের মাধ্যমে শিক্ষার্থীদের পারফরম্যান্স ও অগ্রগতি ট্র্যাক করে অ্যাপটি প্রত্যেক শিক্ষার্থীর ব্যক্তিগত বিষয়ভিত্তিক দুর্বলতা চিহ্নিত করা হবে।
জানতে চাইলে শাহীর চৌধুরী প্রথম আলোকে বলেন, দেশের ১৭ কোটি মানুষের অর্ধেকই ২৫ বছরের নিচে হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের জন্য দেশে মানসম্পন্ন শিক্ষার অভাব রয়েছে। বিশ্বমানের আধুনিক শিক্ষার অভিজ্ঞতায় শিক্ষার্থীদের সুযোগ গ্রহণ নিশ্চিত করতে ডিজিটাল পড়াশোনা কার্যক্রম গড়ে তুলছে শিখো।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হওয়া মেধাবী শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন বিষয়ের ওপর অনলাইন কোর্স তৈরি করা হবে। একজন শিক্ষার্থী শিখো অ্যাপটি ডাউনলোড করে কোর্সের ভিডিও দেখতে পারবেন। এ জন্য শিক্ষার্থীকে বছরে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে। তবে সে ফি কত, তা ঠিক করা হয়নি।
নতুন বিনিয়োগের অর্থে শিখো নতুন ওয়েব প্ল্যাটফর্ম ও অ্যাপ তৈরি করবে, যাতে ব্যবহারকারীরা মোবাইল ফোনের পাশাপাশি ডেস্কটপ, ল্যাপটপেও কোর্সগুলোতে দেখতে পারেন।
জিশান জাকারিয়া বলেন, ‘শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিশ্বজুড়ে ব্যবহৃত একটি কার্যকর কৌশল হলো “মাস্টারি লার্নিং”। আমরাও ওই পদ্ধতি অনুসরণ করে টপিক ও সাব-টপিকে ভাগ করে কোর্সগুলো সাজিয়েছি। আমরা জানি, অভিভাবকেরা তাঁদের সন্তানদের শিক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আমাদের ওপর আস্থা রাখবে।’
নতুন বিনিয়োগের অর্থে শিখো নতুন ওয়েব প্ল্যাটফর্ম ও অ্যাপ তৈরি করবে, যাতে ব্যবহারকারীরা মোবাইল ফোনের পাশাপাশি ডেস্কটপ, ল্যাপটপেও কোর্সগুলোতে দেখতে পারেন। দুই উদ্যোক্তা জানিয়েছেন, অ্যাপে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে বিষয়গুলোকে সহজভাবে ব্যাখ্যা করা হবে। রিয়েল টাইম ডেটা অ্যানালিটিকসের মাধ্যমে শিক্ষার্থীদের পারফরম্যান্স ও অগ্রগতি ট্র্যাক করে অ্যাপটি প্রত্যেক শিক্ষার্থীর ব্যক্তিগত বিষয়ভিত্তিক দুর্বলতা চিহ্নিত করা হবে।