উদ্যোক্তাদের বাজার সম্পর্কে ধারণা থাকা উচিত: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে শিল্প খাতের ব্যাপক বিকাশের প্রয়োজন রয়েছে। এই খাতে কর্মসংস্থান বাড়াতে হবে। সেই সঙ্গে উদ্যোক্তাদেরও দেশের বাজার পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।সিলেটের উপশহর এলাকার একটি রেস্তোরাঁয় গতকাল বুধবার অনুষ্ঠিত ‘এসএমই উদ্যোক্তা ও ব্যাংকার সম্মেলন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব উল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান। অনুষ্ঠানে অর্থমন্ত্রী ৩১ জন নারী উদ্যোক্তার হাতে বিভিন্ন ব্যাংকের দেওয়া এসএমই ঋণ তুলে দেন।অর্থমন্ত্রী বলেন, কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পই (এসএমই) হচ্ছে চাকরির আসল জায়গা। সে জন্য এসএমই উদ্যোক্তাদের বৃহৎ উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় করতে পারলে দেশের অর্থনীতি আরও অগ্রসর হবে। দিলীপ বড়ুয়া বলেন, ‘একটি দেশের এসএমই যত বেশি শক্তিশালী সেই দেশে শিল্পায়নও তত দ্রুত হয়। ফলে সেই দেশে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়। এ লক্ষ্যে বর্তমান সরকার এই শিল্পে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।