উদ্যোক্তারা আস্থাহীনতায় ভুগবেন
সভাপতি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কোম্পানি আইন সংশোধন করে প্রশাসক নিয়োগের বিধান রাখলে বেসরকারি বিনিয়োগ নিরাপত্তাহীন হয়ে যাবে। বিদেশি বিনিয়োগও বাধাগ্রস্ত হতে পারে। বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহ হারিয়ে ফেলবেন। এতে উদ্যোক্তারা একধরনের আস্থাহীনতায় ভুগবেন। প্রশাসক নিয়োগের বিধান রাখা খারাপ কিছু নয়। পৃথিবীর অনেক দেশেই এ ধরনের বিধান আছে। তবে আদালতের মাধ্যমে আইনানুগ পদক্ষেপের নির্দেশনাপ্রাপ্ত হয়ে সরকার কোম্পানি আইন সংশোধনের উদ্যোগটি নিলে ভালো হতো। সরকারের প্রশাসনিক পদক্ষেপ হিসেবে নয়। কেননা, ব্যক্তি ও অংশীদারি মালিকানাধীন কোম্পানি রয়েছে। কোম্পানিতে অনেক পরিচালক থাকেন। অনেকের মালিকানা থাকে। সবাই একযোগ খারাপ তাও বলা ঠিক হবে না। তাই প্রশাসক নিয়োগের বিধান রেখে ঢালাওভাবে কোম্পানি আইন সংশোধন করা ঠিক হচ্ছে না। কোম্পানি আইন সংশোধন করা হলে এর অপব্যবহার নিয়ে শঙ্কা রয়েছে। ডেসটিনি ও হল-মার্ক কেলেঙ্কারি নিয়ে ব্যস্ততার কারণে হয়তো পর্যাপ্ত সময় পায়নি সরকার। তবে মন্ত্রিসভা বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়ার পর আরও আলোচনা করে বিস্তারিত বিশ্লেষণ করে সংশোধন করলে হয়তো কারও আপত্তি থাকবে না। আমরা সরকারের একতরফা সিদ্ধান্ত এড়িয়ে গিয়ে আলোচনার মাধ্যমে সংশোধন করার পক্ষে। ঢালাওভাবে প্রশাসক নিয়োগের বিধান থাকলে উদ্যোক্তাদের আস্থা কমে যাবে। উদ্যোক্তারা মনে করবেন তাঁদের বিনিয়োগের পর্যাপ্ত নিরাপত্তা থাকছে না। ফলে বিদেশি বিনিয়োগপ্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সরকার যদি কোনো কারণে কোনো কোম্পানির ওপর বিরাগভাজন হয়, তবে আরও সমস্যা তৈরি হবে।