উন্নত চিকিৎসার জন্য পরীক্ষাগারের মান উন্নয়নের তাগিদ
দেশের প্রায় ১০ হাজার রোগ নির্ণয় পরীক্ষাগারগুলোর (মেডিকেল টেস্টিং ল্যাবরেটরি) গুণগতমান উন্নত করে বাংলাদেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব। এর মাধ্যমে চিকিৎসাসেবা খাতে প্রতিবছর যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে, তা প্রতিরোধ করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে গরিব জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে। এ ক্ষেত্রে দেশীয় রোগ নির্ণয় পরীক্ষাগারগুলোর আন্তর্জাতিক মান সংস্থার সনদ আইএসও-১৫১৮৯ ও অ্যাক্রেডিটেশন অর্জন জরুরি। গতকাল ঢাকায় ‘মেডিকেল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন এবং আইএসও-১৫১৮৯’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। যুক্তরাজ্যের র্যানডক্স ল্যাবরেটরিজ ও ভারতের ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড কোয়ালিটি ম্যানেজমেন্টের (আইএকিউএম) সহায়তায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্মশালার আয়োজন করে।বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) চেয়ারম্যান মঈনুদ্দিন মিয়াজীর সভাপতিত্বে কর্মশালায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি ছিলেন। এতে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বিএবির মহাপরিচালক আবু আবদুল্লাহ, ভারতের জাতীয় মান নির্ধারণীপ্রতিষ্ঠান এনএবিএলের লিড অ্যাসেসর রজত আনন্দ গোপাল মুখার্জি বক্তব্য দেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যভিত্তিক র্যানডক্স ল্যাবরেটরিজের আঞ্চলিক ব্যবস্থাপক শান্তুনু চ্যাটার্জি এবং ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড কোয়ালিটি ম্যানেজমেন্টের পরিচালক সম্ভু চক্রবর্তী মেডিকেল ল্যাবরেটরি ব্যবস্থাপনা ও মান উন্নয়নের ওপর কারিগরি প্রবন্ধ উপস্থাপন করেন।