
২০৪১ সাল নাগাদ উন্নত দেশ হতে করণীয় নিয়ে সুপারিশ ঠিক করতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ‘নতুন অর্থনৈতিক চিন্তা: বাংলাদেশ ২০৩০ ও পরবর্তী সময়’ শীর্ষক দিনব্যাপী এ সম্মেলনটি আগামী বুধবার রাজধানীর র্যাডিসন হোটেলে অনুষ্ঠিত হবে।
ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ বলেছেন, এ সম্মেলনে পাওয়া সুপারিশ সরকারের কাছে তুলে ধরা হবে। সম্মেলন উপলক্ষে রাজধানীর মতিঝিলে ডিসিসিআইয়ের কার্যালয়ে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন। এতে অংশ নিতে বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অর্থনীতিবিদ কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জেফরি ডেভিড স্যাকস, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের সাংসদ রুশনারা আলী, গভর্নমেন্ট অব সিঙ্গাপুর ইনভেস্টমেন্ট করপোরেশনের (জিআইসি) গ্রুপ প্রেসিডেন্ট লিম সিয়ং গুয়ান প্রমুখ।
বর্তমান সরকার ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে চায়। অন্যদিকে ঢাকা চেম্বার ২০৩০ সাল নাগাদ দেশকে ৩০তম অর্থনীতির দেশ হিসেবে দেখতে চায়। হোসেন খালেদ বলেন, সরকারের লক্ষ্য পূরণ করতে নতুন অর্থনৈতিক চিন্তা দরকার। ডিসিসিআই সব সময় ভবিষ্যৎ মাথায় রেখে কাজ করে। ২০৩০ সালের পর দেশের অর্থনীতি কীভাবে সাজানো হবে, তা নিয়ে এখনই কাজ শুরু করতে হবে।
শিল্পনীতিতে সরকার ৩২টি খাতকে অগ্রাধিকার খাত হিসেবে বাছাই করেছে উল্লেখ করে হোসেন খালেদ বলেন, এর মধ্য থেকে ঢাকা চেম্বার আটটি খাতকে চিহ্নিত করেছে, যেগুলো ইতিমধ্যে শতকোটি ডলারের শিল্পে পরিণত হয়েছে। এসব খাত নিয়ে কী করণীয়, তা-ও আলোচনা হবে এ সম্মেলনে।
ডিসিসিআইয়ের অগ্রাধিকার খাতগুলো হলো পোশাক খাতের সংযোগ শিল্প, জাহাজ নির্মাণ, ওষুধ ও ওষুধের উপাদান, তথ্যপ্রযুক্তি, হালকা প্রকৌশল ও যানবাহন তৈরি, চামড়া ও পাদুকা, কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াকরণ এবং প্লাস্টিক।
সম্মেলনে উদ্বোধন ও সমাপনীসহ মোট সাতটি অধিবেশন থাকবে। এতে প্রায় ৫৫ জন বক্তা বক্তব্য দেবেন। এর মধ্যে প্রায় ১৫ জন বিভিন্ন দেশ থেকে আসবেন। জ্বালানি, পানি ও ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং উদীয়মান খাতগুলো নিয়ে আলাদা অধিবেশনে আলোচনা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
অনুষ্ঠানে ডিসিসিআইয়ের সহসভাপতি হুমায়ূন রশিদ, আতিক এ রাব্বানি, পরিচালক এস রুমি সাইফুল্লাহ, আলাউদ্দিন মালিক, হোসেন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।