উন্নত দেশগুলোর বিনিয়োগের জন্য বাংলাদেশ আদর্শ জায়গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ বোর্ডের (বিওআই) নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেছেন, বিনিয়োগের খুবই ভালো পরিবেশ বিরাজ করছে বাংলাদেশে। উন্নত দেশগুলোর জন্য বাংলাদেশ হতে পারে বিনিয়োগের আদর্শ জায়গা।এস এ সামাদ জানান, ৩০ বছরে এ দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি একবারের জন্যও নেতিবাচক হয়নি। এখানে সস্তায় শ্রম পাওয়া যায়, জ্বালানিমূল্যও অনেক দেশের তুলনায় কম।এ ছাড়া দেশটিতে রয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), সৃষ্টিশীল বেসরকারি খাত এবং বড় ধরনের একটি স্থানীয় বাজার। মানবাধিকার সংরক্ষণে এ দেশের অর্জন বিশ্ববাসীর কাছে সন্তোষজনক। বিদেশ থেকে নেওয়া ঋণ ও ঋণের সুদ ফেরত দেওয়ার রেকর্ডও ভালো।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত মাসিক মধ্যাহ্নভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অ্যামচেমের সভাপতি আফতাব উল ইসলাম এতে স্বাগত বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ ডিকন, নির্বাহী পরিচালক এ গফুর, বাংলাদেশে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন হিদার ভ্যারিয়াভা প্রমুখ।বিওআইয়ের চেয়ারম্যান বলেন, সরকার-প্রণীত বিভিন্ন নীতিমালা বিনিয়োগবান্ধব। এ দেশে কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক দ্বন্দ্ব হয় না। আন্তর্জাতিক মানের বিভিন্ন জরিপপ্রতিষ্ঠানও কয়েক বছর ধরে বিনিয়োগের জন্য বাংলাদেশকে ভালো নম্বরই দিয়ে আসছে।এস এ সামাদ বলেন, বিনিয়োগের জন্য নানা ধরনের প্রণোদনা-সহায়তা রাখা হয়েছে। ইপিজেডের বাইরেও কিছু খাত রয়েছে, যেগুলোতে পাঁচ থেকে সাত বছরের জন্য কর অব্যাহতি দেওয়া আছে। আর বন্ডেড ওয়্যারহাউসের সুবিধা তো রয়েছেই। বিদেশিদের লভ্যাংশ, মুনাফা এমনকি মূলধনও নিজের দেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তেমন কোনো বিধিবিধান মানতে হয় না।বিদ্যুৎ উৎপাদন, গ্যাসকূপ খনন, বস্ত্র, ইস্পাত ও প্রকৌশল, তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, টেলিযোগাযোগ, হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য, অটোমোবাইল, জাহাজ নির্মাণ, পর্যটন ইত্যাদি খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন বিওআইয়ের চেয়ারম্যান।পাশাপাশি এস এ সামাদ সাম্প্রতিক আলোচিত উদ্যোগ সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে কিছু খাতে বিনিয়োগের আহ্বান জানান। টেলিযোগাযোগ, বিদ্যুৎ, পর্যটনসহ এ খাতগুলো হচ্ছে তেল-গ্যাস, বিমানবন্দর টার্মিনাল, বন্দর উন্নয়ন, শিল্প পার্ক, পানির স্যুয়ারেজ পদ্ধতি, মহাসড়ক ও এক্সপ্রেসওয়ে, নদী খনন, রেলপথ ইত্যাদি। এর মধ্যে কয়েকটি খাতে পিপিপির প্রস্তাব রয়েছে বলে জানান তিনি।বিওআইয়ের চেয়ারম্যান বলেন, প্রথাগত প্রবৃদ্ধির ধারায় চললে আর হবে না। একে উন্নততর স্তরে নিয়ে যেতে হবে। প্রবৃদ্ধি হতে হবে সুষম ও টেকসই। এ জন্য জ্ঞানভিত্তিক উন্নয়নও জরুরি, যাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং উপকৃত হয় সাধারণ মানুষ।এস এ সামাদ বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ এবং রপ্তানি খাতে বাংলাদেশ যে প্রতিযোগিতায় সক্ষম, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) বেসরকারি খাতের অবদান উল্লেখযোগ্য। মুক্তবাজার অর্থনীতির মৌলিক বিষয়গুলো বেশ ভালোভাবেই মানা হয় এ দেশে। আর বিনিয়োগে ঝুঁকি ন্যূনতম পর্যায়ে।বিওআইয়ের চেয়ারম্যান বলেন, ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার ৪৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনতে হবে। ২০১৫ সালের মধ্যে হবে সবার জন্য আবাসন। তবে এ জন্য গণতন্ত্র ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানের দরকার বলে মনে করেন তিনি। এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি খাতে সম্প্রতি ভালো অঙ্কের কিছু বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানান এস এ সামাদ। খাতগুলো হচ্ছে সমুদ্রবন্দর, জ্বালানি, অবকাঠামো, কোমল পানীয় কোকাকোলার বিপণন ও মোড়কীকরণ এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে।এস এ সামাদ বলেন, প্রস্তাবগুলো নিয়ে যাচাই-বাছাই চলছে এবং খুব শিগগির ইতিবাচক ফলাফলের ব্যাপারে তিনি আশাবাদী।অ্যামচেমের সভাপতি আফতাব উল ইসলাম বলেন, পিপিপি একটি ভালো উদ্যোগ। তবে পিপিপির আকর্ষণে বেসরকারি খাতের মুনাফার নিশ্চয়তা একটি অন্যতম দিক, তা না হলে বেসরকারি খাত এগিয়ে আসবে না বলে তিনি মন্তব্য করেন।