উন্নতির গতি অব্যাহত রাখলে সম্ভাবনা কাজে লাগানো যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের পর পোশাকশিল্পের কর্মপরিবেশের উন্নয়ন, শ্রম অধিকারসহ নানা বিষয়ে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। তবে এ ক্ষেত্রে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। ভবিষ্যতেও উন্নয়নের এই গতি ধরে রাখতে হবে। তবেই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হবে।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশ-ফ্রেমিং দ্য ফিউচার: হাই লেভেল কনফারেন্স অন আরএমজি অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে তিনটি পৃথক অধিবেশনে গত দুই বছরে পোশাক খাতের প্রাপ্তি নিয়ে আলোচনা
হয়। একই সঙ্গে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কীভাবে ভবিষ্যতে রপ্তানি বাজারকে সমৃদ্ধ করা যায়, সেই বিষয়ও উঠে আসে। এ ছাড়া শ্রমিকদের উৎপাদনক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষভাবে জোর দেওয়ার কথা বলেন বক্তারা।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র, শ্রম-কর্মসংস্থান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করে ডেনমার্ক দূতাবাস এবং ডেনিশ বাণিজ্য ও উন্নয়ন সহায়তা মন্ত্রণালয়। বাংলাদেশে তিন দিনের সফরে আসা ডেনিশ বাণিজ্য ও উন্নয়ন সহায়তামন্ত্রী মোনস ইয়েনসেন সম্মেলনের উদ্বোধন করেন।
শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আগামী তিন থেকে পাঁচ বছর যৌথভাবে কাজ করবে ডেনমার্কের কর্মসংস্থান মন্ত্রণালয় ও কর্মস্থল-পরিবেশ কর্তৃপক্ষ। এ লক্ষ্যে গতকালের সম্মেলনস্থলে উভয় পক্ষের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়। এতে বাংলাদেশের শ্রমসচিব মিকাইল শিপার ও ডেনিস কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী সচিব পিটার স্টেনসগার্দ মোর্চ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।
মোনস ইয়েনসেন বলেন, ‘বাংলাদেশ পোশাক খাতে যে ইতিবাচক পরিবর্তন সাধন করেছে, তা অন্য খাতকে উন্নত করতে উৎসাহিত করবে। এ ছাড়া অন্য দেশগুলোর জন্যও এটি একটি উদাহরণ।’ রানা প্লাজা ধসের পর ইতিবাচক অর্জন হিসেবে তিনি শ্রম আইন সংশোধন, ট্রেড ইউনিয়নের নিবন্ধন হার বৃদ্ধি, কারখানা পরিদর্শক নিয়োগ ও অবকাঠামো উন্নয়নে চলমান প্রক্রিয়ার কথা উল্লেখ করেন।
মোনস ইয়েনসেন পোশাক খাতের মতো চামড়া ও জাহাজ নির্মাণশিল্পকে সম্ভাবনাময় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘ট্যানারি স্থানান্তরই এখন চামড়াশিল্পের বড় চ্যালেঞ্জ, আর জাহাজ নির্মাণশিল্পের জন্য কর্মপরিবেশের উন্নতি—এগুলো ঠিকঠাকভাবে করতে পারলে এই দুই খাতের সম্ভাবনা কাজে লাগাতে পারবে বাংলাদেশ।’ কর্মপরিবেশ উন্নত করতে সব পক্ষকে নিয়ে বেশি বেশি সামাজিক সংলাপ ও দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধি ধরে রাখতে পরিবেশবান্ধব শিল্প স্থাপনের ওপর জোর দেন তিনি।
বাংলাদেশ ও পাকিস্তানে আন্তর্জাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএমের প্রধান রজার হুবার্ট ডেনিশ মন্ত্রীর মতো প্রশংসা করে বলেন, সরবরাহকারী বাছাই পছন্দ করার সুযোগ আছে ক্রেতা ও ব্র্যান্ডগুলোর। বাংলাদেশ এই পছন্দের তালিকায় আছে। শুধু কম দাম নয়, টেকসই উন্নয়নের জন্যও এই পছন্দ—এমন মন্তব্য করেন তিনি।
সম্মেলনে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু পোশাক খাতের উন্নয়নে ভূমিকা রাখার জন্য বিভিন্ন দেশ ও সংস্থাকে ধন্যবাদ জানান। আরও উন্নতির জন্য তাঁরা পোশাকের দাম বাড়ানোর ওপর জোর দেন। পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম ও সহসভাপতি রিয়াজ-বিন-মাহমুদ এবং ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব রায় রমেশ চন্দ্রও নিজেদের বক্তব্যে একই কথা বলেন।
পোশাকশিল্পের কর্মপরিবেশের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘রানা প্লাজাকে আমরা জেগে ওঠার ডাক হিসেবে নিয়েছিলাম। গত দুই বছরে কোনো দুর্ঘটনা ঘটেনি।’ তিনি বলেন, ‘কারখানার মালিকেরা নিরাপত্তাব্যবস্থার উন্নতির জন্য বিনিয়োগ করছেন। তবে তাঁরা পণ্য বিক্রি করে ভালো দাম পাচ্ছেন না।’ এ বিষয়ে নজর দিতে ডেনমার্কের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘পোশাকশিল্প পরিবর্তনের মধ্যে আছে। আমাদের উদ্যোক্তারা চ্যালেঞ্জ নিয়েছে এবং অনেক ইতিবাচক পরিবর্তন করেছে। তবে আন্তর্জাতিক ক্রেতা এবং ব্র্যান্ডগুলোকেও আরও বেশি দায়িত্ব নিতে হবে। সব সরবরাহকারীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।’
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এদেশীয় পরিচালক শ্রীনিবাস রেড্ডি বলেন, ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম ২০১৮ সালে শেষ হবে। তবে এই কাজগুলো চালিয়ে যেতে হবে। এ জন্য সরকারি সংস্থাগুলোর সামর্থ্য বাড়াতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা যে গতি অর্জন করেছি, তা থামতে দেওয়া যাবে না। কারণ, লাখো বাংলাদেশির জীবন আমাদের হাতে।’
সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডি জং, ডেনিশ রাষ্ট্রদূত হ্যানে ফুগ্ল এসকেয়ারের, সাংসদ শিরিন আখতার, ডেনিশ ইথিক্যাল ট্রেডিং ইনশিয়েটিভের প্রধান হান্না গ্রাটলার, অ্যালায়েন্সের উপদেষ্টা ইয়ান স্পলডিং, নভো নরডিস্কের ভাইস প্রেসিডেন্ট সুসান স্ট্রোমার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।