২০১৫-পরবর্তী উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক কর্মশালায় অর্থমন্ত্রী
উন্নয়ন কর্মসূচি নির্ধারণ করতে হবে দরিদ্র ও বেকারদের কথা ভেবে
বাংলাদেশসহ এশিয়ার অতিদরিদ্র, দরিদ্র ও বেকার জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে আগামী দিনের উন্নয়ন কর্মসূচি ঠিক করা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘টেকসই অর্থনীতির জন্য উৎপাদন সক্ষমতা বাড়ানোয় জোর দিতে হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ সম্পদব্যবস্থাপনা ভালোভাবেই করতে পারছে। দরকার বৈদেশিক সাহায্য ও এর যথার্থ ব্যবহার।’
‘কার্যকর উন্নয়ন সহযোগিতার জন্য বৈশ্বিক অংশীদারি’ স্লোগান নিয়ে ঢাকায় শুরু হওয়া বৈশ্বিক সহযোগিতার ওপর অনুষ্ঠিত আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিন দিনব্যাপী এ কর্মশালায় প্রধানত ২০১৫-পরবর্তী উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) সহযোগিতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত এ কর্মশালা রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার শুরু হয়। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এতে বিশেষ অতিথি ছিলেন। ইআরডি সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নিয়্যাল ওয়াকার এবং ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খান।
অর্থমন্ত্রী বলেন, ১০ বছর ধরে পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে বলা যায়, সার্বিক উন্নয়নের জন্য একটি নতুন বিষয় অপরিহার্য হয়ে উঠেছে। আর তা হচ্ছে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি)।
পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) কিছু লক্ষ্যমাত্রা অর্জন করেছে।
স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য উন্নত দেশগুলোর সাহায্যের পরিমাণ সন্তোষজনক নয় উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এ জন্য তাঁদের কণ্ঠস্বর আরও জোরালো করার আহ্বান জানান।
২০১৫-পরবর্তী উন্নয়ন, অর্থায়ন ও সহযোগিতার সম্ভাব্য ধরন ও প্রকৃতি এবং তার পরিপ্রেক্ষিতে ন্যায়সংগত উন্নয়নে বাণিজ্য ও বেসরকারি খাতের ভূমিকা নিয়ে আলোচনা হবে কর্মশালায়। এ ছাড়া ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা’ এবং ‘ত্রিপক্ষীয় সহযোগিতা’ নিয়েও আলোচনা হবে।
ইআরডি সচিব আবুল কালাম আজাদ বলেন, বুসান সম্মেলনের পর বৈশ্বিক সহযোগিতা ফোরাম নামের একটি ফোরাম গঠনের সিদ্ধান্ত হয়। বাংলাদেশ এ ফোরামের স্টিয়ারিং কমিটিতে এশীয় অঞ্চলের প্রতিনিধিত্বকারী সক্রিয় সদস্য। আর তাই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ২০১৫-পরবর্তী উন্নয়ন কর্মসূচিকে সামনে নিয়ে যেতেই আয়োজন করা হয়েছে এ কর্মশালার। আগামীকাল মঙ্গলবার কর্মশালার শেষ দিন।