দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় বাধা হয়ে আছে ক্রমবর্ধমান বৈষম্য। সে জন্য সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও ২০১৫ সাল-পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে বৈষম্য কমানোর সুনির্দিষ্ট নির্দেশনা থাকতে হবে।
রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনকক্ষেÿগতকাল সোমবার ‘টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) অর্জনের পথনির্দেশ: অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ ও সরকারি নীতির যথার্থ প্রয়োগ’ শীর্ষক আলোচনায় এসব কথা উঠে আসে।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) ও অ্যাকশনএইড বাংলাদেশ আয়োজিত এই আলোচনায় বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক খাতের বৈষম্য কমাতে নীতিগত এবং প্রাতিষ্ঠানিক সংশোধন ও পুনর্গঠনের পরামর্শ দেওয়া হয়। অ্যাকশনএইড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম। তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে মধ্যম আয়ে পৌঁছানো, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন এবং সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) সাফল্য-ব্যর্থতা মাথায় রেখেই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।’
শামসুল আলম বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন হবে প্রায় ৩২ লাখ কোটি টাকা। এর মধ্যে প্রায় ২৯ লাখ কোটি টাকা-ই সরকারকে দেশ থেকে সংগ্রহ করতে হবে। তাই বেসরকারি বিনিয়োগকে গুরুত্ব দিচ্ছে সরকার।
অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘আমাদের দেশে ধনী-গরিবের বৈষম্য বাড়ছে। গরিব মানুষের জন্য মানসম্পন্ন শিক্ষা, চিকিৎসা ও আর্থিক সুবিধা নিশ্চিত করতে পারছি না। ধনীরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দিচ্ছেন না। আর গরিবেরা ঋণ পান না। জাতিসংঘের নতুন এসডিজি অনুযায়ী বৈষম্য ঘোচাতে হবে।’
আরও বক্তব্য দেন অধ্যাপক সেলিম রায়হান ও অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।