উন্নয়নে দাতাদের আরও অংশগ্রহণ চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাতাদের কাছে ভবিষ্যৎ বিভিন্ন উন্নয়ন নকশা তুলে ধরবে বাংলাদেশ। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে তৈরি করা এসব উন্নয়নে কী পরিমাণ বিনিয়োগ লাগবে; সুশাসন প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে দাতাদের জানানো হবে। আর দাতারা বাংলাদেশের উন্নয়নে কীভাবে অংশগ্রহণ করতে পারে, এর প্রতিশ্রুতি আদায় করতে চায় বাংলাদেশ।
এমন আশাবাদ নিয়ে ১৫ ও ১৬ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকের উদ্বোধন করবেন। দুই দিনব্যাপী এ বৈঠকে জাপান, নেদারল্যান্ডসসহ ৩৬টি দাতা সংস্থা ও দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ সভার আয়োজন করছে। অন্যদিকে বাংলাদেশে কার্যরত দাতাদের ফোরাম স্থানীয় পরামর্শক গোষ্ঠী (এলসিজি) এ সভায় দাতাদের পক্ষে সমন্বয় করছে।
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি বাস্তবায়ন করতে ৩১ লাখ ৯০ হাজার কোটি টাকা লাগবে। এর মধ্যে ২৪ লাখ ৬৫ হাজার কোটি টাকা আসবে বেসরকারি খাত থেকে। আর সরকার বিনিয়োগ করবে ৭ লাখ ২৫ হাজার কোটি টাকা। এই সরকারি বিনিয়োগের একটি বড় অংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও অন্য কর্মসূচির মাধ্যমে আসবে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে। তাই বিডিএফ সভায় দাতা প্রতিনিধিদের সামনে এ পরিকল্পনাটি তুলে ধরা হবে। দুই দিনের সভা শেষে বাংলাদেশ সরকার ও দাতারা একটি যৌথ ঘোষণা দেবে। যৌথ ঘোষণায় থাকবে, কীভাবে পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সঙ্গে সমন্বয় করে দাতারা সহযোগিতা করবে।
এ বিষয়ে জানতে চাইলে ইআরডির অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, এ সভায় উন্নয়ন সহযোগীদের সামনে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হবে। তাৎক্ষণিক সহযোগিতার প্রতিশ্রুতি না এলেও ভবিষ্যতে এ পরিকল্পনার আলোকে উন্নয়ন সহযোগীরা সহায়তা দেবেন।
প্রায় ছয় বছর বিডিএফ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ বৈঠকটি ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। এরপর পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে অন্যতম বড় দাতা সংস্থা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ প্রকল্পের অর্থায়ন প্রক্রিয়া থেকে সরে যায়। সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের টানাপোড়েন তৈরি হয়। এরপর ২০১৪ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেও দাতাদের সঙ্গে একধরনের অস্বস্তির সম্পর্ক দেখা যায়। এসব কারণে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও বিডিএফ সভা আয়োজন থেকে পিছিয়ে যায় সরকার।
চলতি বছরে সরকারের উন্নয়ন এজেন্ডা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদিত হয়েছে। এ ছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) গৃহীত হয়েছে। উন্নয়ন প্রেক্ষাপট বিবেচনায় এমন একটি অনুকূল পরিবেশেই সরকার বিডিএফ সভার আয়োজন করছে বলে ইআরডির একাধিক কর্মকর্তা জানিয়েছেন।
এবারের দুই দিনের সভায় বিভিন্ন বিষয়ে সাতটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো: সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা; কৃষি, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন; অর্থনীতির ভিত্তি শক্তিশালীকরণে অবকাঠামো উন্নয়ন; সুশাসন ও উন্নয়ন; স্বাস্থ্য ও মানসম্পন্ন শিক্ষা; সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নে নারীর সম্পৃক্ততা। এসব অধিবেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বক্তব্য দেবেন।
এবারের বিডিএফ বৈঠকের মূল আকর্ষণ হলো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুন। তিনি উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন। জিন লিকুন পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ইআরডি সূত্রে জানা গেছে, এআইআইবি এর সদস্য দেশগুলোর জন্য ৫০ হাজার কোটি ডলারের তহবিল তৈরি করছে। সেখান থেকে বাংলাদেশ কীভাবে অর্থ পেতে পারে, সে বিষয়ে আলোচনা হতে পারে।
এবারের ‘বিডিএফের স্বাস্থ্য ও মানসম্পন্ন শিক্ষা’ শীর্ষক অধিবেশনে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেবেন বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ। এ ছাড়া উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়ানচাই জাং। তবে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় থেকে এবার উচ্চপদস্থ কোনো কর্মকর্তা আসছেন না।
বিডিএফ সভা উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। সেখানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, দাতাদের ৪১টি স্টল থাকবে। এসব স্টলে বাংলাদেশের উন্নয়ন চিত্র আগতদের কাছে তুলে ধরা হবে।