উন্নয়নের জোয়ার উন্নয়ন মেলায়
পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ। এ সেতুর ওপর দিয়ে এখন সারি সারি গাড়ি চলছে। আর সেতুর নিচ দিয়ে চলছে ট্রেন। দুই পারের মানুষের দূরত্বই ঘুচিয়ে দিয়েছে এই পদ্মা সেতু।
এ তো এখনো স্বপ্ন। তবে এই স্বপ্নই সত্যি হয়ে ধরা দেবে বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ) ২০১৫-এ। সে জন্য আজ সোমবার আপনাকে যেতে হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানেই চলছে উন্নয়ন মেলা।
মেলায় সেতু বিভাগের একটি স্টল রয়েছে। সেখানেই টিভি পর্দায় থ্রিডিতে নির্মাণ করা একটি ভিডিও দেখানো হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে পদ্মা সেতুর ওপর দিয়ে যান চলাচলের ওই দৃশ্য। আর এই ভিডিওই আগ্রহ নিয়ে দেখছে উন্নয়ন মেলায় আসা দেশ-বিদেশের মানুষেরা।
বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) দুই দিনব্যাপী সভা গতকাল রোববার শুরু হয়েছে। এরই অংশ হিসেবে চলছে উন্নয়ন মেলা। বিডিএফ সভার আয়োজন করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। আর দাতাদের পক্ষে এ সভার সমন্বয় করছে বাংলাদেশে কার্যরত দাতাদের ফোরাম স্থানীয় পরামর্শক গোষ্ঠী (এলসিজি)।
এবারের বিডিএফ সভাটি প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে। সে কারণেই এই সময়ে উন্নয়ন আর সুশাসনে বাংলাদেশ কতটা এগিয়েছে, সেসবই প্রাধান্য পাচ্ছে এবারের সভায়।
বিষয়টি সহজেই ধরা পড়বে যদি আপনি উন্নয়ন মেলার স্টলগুলো ঘুরে দেখেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা তো বটেই, এ দেশে কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিও তুলে ধরেছে তাদের কার্যক্রম কীভাবে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। সরকারি-বেসরকারি সব স্টলজুড়েই কেবল উন্নয়ন আর উন্নয়ন।
এবারের উন্নয়ন মেলায় মোট ৪১টি বুথ বা স্টল ঠাঁই পেয়েছে। এর মধ্যে উন্নয়ন-সহযোগীদের স্টল রয়েছে ১৬টি। ১৭টি স্টল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার। আর এনজিও প্রতিষ্ঠানগুলোর স্টলের সংখ্যা ৮।
তবে মেলায় আসা দর্শনার্থীদের মন ভরিয়ে দেবে সরকারি স্টল, বিশেষ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের স্টলটি। যেমন ওই স্টলে টিভি পর্দায় দেখানো হচ্ছে ভবিষ্যতের এলিভেটেড এক্সপ্রেসওয়ে কেমন হবে। এই এক্সপ্রেসওয়েটি হবে এয়ারপোর্ট থেকে কুতুবখালী পর্যন্ত। বিশেষ করে যাত্রীরা তখন পাতাল টার্মিনাল থেকেও বাসে উঠতে পারবেন। একটি নিয়ন্ত্রণ ভবনের (কন্ট্রোল বিল্ডিং) চারপাশ ঘিরে থাকবে বেশ কয়েকটি ফ্লাইওভার। আবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ টিভি পর্দায় দেখাচ্ছে আগামীর বিআরটিসি বাসের সেবা কেমন হবে। তখনকার ঢাকা শহরের চিত্রটা চাইলেই কিন্তু উন্নয়ন মেলায় গিয়ে দেখে আসতে পারেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, শিক্ষা, নারী ও শিশু, সমাজকল্যাণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বিনিয়োগ বোর্ড, বাপেক্সসহ সরকারি প্রতিষ্ঠানের স্টলগুলো সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেছে।
উন্নয়ন-সহযোগী সংস্থাগুলো তুলে ধরেছে তাদের এমন সব প্রকল্পের কথা, যেগুলো বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছে। কেউ তুলে ধরেছে দারিদ্র্য বিমোচনে নিজেদের সাফল্য। কেউবা তুলে ধরেছে কীভাবে তারা নারীর ক্ষমতায়নে ভূমিকা রেখেছে। অভিবাসন নিয়ে কাজ করা তিনটি আন্তর্জাতিক সংস্থার একটি যৌথ স্টলেও ঠাঁই পেয়েছে তাদের নানা কর্মকাণ্ডের খতিয়ান।
মেলাজুড়ে উন্নয়নের জোয়ার দেখা গেলেও সবই প্রতিশ্রুতি ও বাস্তবায়ন পর্যায়ে। গতকালের বৈঠকে দাতারা বাস্তবায়নের ওপরই গুরুত্ব দিয়েছে সবচেয়ে বেশি।