দেশের অর্থনৈতিক উন্নয়নের পথে নয়টি প্রধান চ্যালেঞ্জ চিহ্নিত করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। শুধু চিহ্নিত নয়, এ থেকে উত্তরণের পথও সুপারিশ করেছে ব্যবসায়ীদের এই প্রভাবশালী সংগঠনটি।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে মেট্রো চেম্বারের নবগঠিত কমিটি চ্যালেঞ্জগুলোসহ দেশের অর্থনীতির নানা দিক তুলে ধরে।
সংগঠনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরের নেতৃত্বাধীন এ দলে অন্যান্যের মধ্যে আনিস এ খান, আক্তার মতিন চৌধুরী, তারেক মোহাম্মদ আলী, নিহাদ কবির, হাবিবুল্লাহ এন করিম, কামরান টি রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মেট্রো চেম্বার বলেছে, রূপকল্প ২০২১-এ বলা রয়েছে ২০২১ সালের মধ্যে দেশে ৮ থেকে ১০ শতাংশ হারে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন করা হবে। বাস্তবে প্রবৃদ্ধি এখনো ৬ শতাংশের ঘরেই আটকে রয়েছে। এ রকম চললে আগামী ছয়-সাত বছরের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া অসম্ভব। এটি সম্ভব করতে হলে বিনিয়োগ জিডিপির ৩৫ থেকে ৪০ শতাংশে উন্নীত করতে হবে।
অভ্যন্তরীণ সঞ্চয় ও বিনিয়োগ পরিস্থিতি নিরুদ্যম হয়ে থাকাকে দ্বিতীয় চ্যালেঞ্জ বলে মনে করে মেট্রো চেম্বার। সংগঠনটি বলেছে, ২০০৬ সালে সঞ্চয় ছিল জিডিপির ২০ দশমিক ৩ শতাংশ। ২০১১-১৪ সময়ে তা উন্নীত হয়েছে ২৩ দশমিক ৪ শতাংশে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ ব্যবস্থার উন্নয়ন, অনুন্নয়ন ব্যয় কমানো, শৃঙ্খলাপূর্ণ শেয়ারবাজার এবং বেসরকারি খাতকে বেগবানের মাধ্যমে এ অবস্থা থেকে উত্তরণ হওয়া সম্ভব।
তৃতীয় চ্যালেঞ্জটি হচ্ছে রাজস্ব ঘাটতি। বলা হয়, ব্যাংক খাত থেকে প্রতিবছর ঋণ নিচ্ছে সরকার এবং এতে বেসরকারি খাতে প্রভাব পড়ছে। এ সমস্যা মোকাবিলায় জাতীয় রাজস্ব বোর্ডবহির্ভূত (এনবিআর) আয় বাড়ানোর পরামর্শ দেয় মেট্রো চেম্বার।
তৈরি পোশাকনির্ভর রপ্তানি আয় এবং উত্তর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নকেন্দ্রিক (ইইউ) রপ্তানিবাজারকে চতুর্থ চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে মেট্রো চেম্বার অন্য দেশগুলোতেও বাজার খোঁজার, পণ্যের বহুমুখীকরণ ও মুদ্রাবিনিময় হার রপ্তানিকারকদের অনুকূলে রাখার সুপারিশ করেছে।
এমসিসিআই বলেছে, রাস্তা, সেতু, রেল, বন্দরসহ সবকিছুই প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনাকে আটকে দিচ্ছে। বিদেশি বিনিয়োগ এসেও আবার ফিরে যাচ্ছে। দীর্ঘ সময়ের জন্য অবকাঠামোর বিষয়টিকে এভাবে ফেলে না রেখে সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগোতে হবে।
অর্থনৈতিক সুশাসনের গতি খুবই শ্লথ উল্লেখ করে এটি বেগবান করাকে আরেকটি চ্যালেঞ্জ অভিহিত করে সংগঠনটি আমলাতান্ত্রিক লালফিতা, অদক্ষতা, দেশব্যাপী চাঁদাবাজি, জবাবদিহি ও স্বচ্ছতার ঘাটতি দূর করতে রাজনৈতিক অঙ্গীকারের ওপর জোর দিয়েছে।
অষ্টম চ্যালেঞ্জের মধ্যে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর কথা বলেছে। আরও বলেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও সহনশীল মনোভাব থাকা জরুরি। হরতাল, ধর্মঘটের মতো এমন কোনো কর্মসূচি যাতে তাঁরা না দেন, যাতে ব্যবসা ও মানুষের রুটি-রুজির সমস্যা হয়।
এমসিসিআই সভাপতি নাসিম মঞ্জুর ব্যাংক সুদের হার ও সঞ্চয়পত্রের সুদহার কমানো ও কয়লানীতি প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, গত বছরের সহিংস রাজনৈতিক অবস্থা থেকে কিছুটা উত্তরণ হয়েছে, পুরোপুরি নয়। অর্থনীতিটা বাঁচিয়ে রেখে যদি রাজনীতিটা করা যায়, খুবই ভালো হয়। এ জন্য সংলাপের আহ্বান জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি গতিশীল হলে স্বয়ংক্রিয়ভাবেই হরতাল-অবরোধের পরিস্থিতি পেছনে চলে যাবে। আর বিনিয়োগ খুবই শ্লথ—এটা ঠিকই। অর্থমন্ত্রী বলেন, সঞ্চয়পত্রের সঙ্গে অনেক রাজনৈতিক পক্ষ জড়িত। আর বন্ধ শিল্প কারখানা বেসরকারীকরণ কমিশন কিছুটা চিহ্নিত করেছিল, আবারও করতে হবে।