উন্নয়ন কর্মসূচি কাটছাঁটের প্রক্রিয়া শুরু করেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাটছাঁট করা হচ্ছে। সম্প্রতি এডিপি সংশোধনের নীতিমালাও জারি করা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। তবে বিদেশি সহায়তার প্রায় তিন হাজার কোটি টাকা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি ২০১২-১৩ অর্থবছরের সংশোধিত এডিপি প্রণয়নের নীতিমালা তৈরি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। ইতিমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগে তা পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভুঁইয়া শফিকুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আশা করি, আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে সংশোধিত এডিপি চূড়ান্ত হবে। এখন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আলোচনা চলছে। এবার সম্পদের সীমাবদ্ধতাকে বিবেচনায় রেখে অগ্রাধিকার প্রকল্পগুলো সংশোধিত এডিপিতে যাবে।’ নীতিমালায় যা আছে: সংশোধিত এডিপিতে প্রকল্পসংখ্যা সীমিত রাখতে হবে। প্রকল্প অন্তর্ভুক্ত করার জন্য কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিতে হবে। তবে সংশোধিত এডিপির মূল অংশে বরাদ্দহীনভাবে কোনো অননুমোদিত প্রকল্প রাখা যাবে না। প্রসঙ্গত, সর্বোচ্চ অগ্রাধিকার, মধ্যম অগ্রাধিকার ও নিম্ন অগ্রাধিকার—এই ধরনের প্রকল্প চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে একান্ত অপরিহার্য ও উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত না হলে এডিপিতে থাকা অননুমোদিত প্রকল্প সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে প্রতিবার এই সিদ্ধান্ত থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে তা মানা হয় না। রাজনৈতিক বিবেচনায় অননুমোদিত ও বরাদ্দহীন বহু প্রকল্প সংশোধিত এডিপিতে ঢুকে পড়ে। ফলে নতুন এডিপি করার সময় নতুন প্রকল্পসংখ্যা কম দেখানো হয়। যেসব খাত প্রাধান্য পাবে: সংশোধিত এডিপি নীতিমালা অনুযায়ী, কৃষি, জ্বালানি, বিদ্যুৎ, যোগাযোগ, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন প্রতিষ্ঠা, পানিসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান-সংশ্লিষ্ট প্রকল্পগুলো প্রাধান্য দেওয়া হবে। এ ছাড়া, ঘূর্ণিঝড়ে সিডর ও আইলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বৈদেশিক সহায়তাপুষ্ট যেসব প্রকল্প নেওয়া হয়েছে, তা-ও অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচনা করা হবে। এর বাইরে চলতি অর্থবছরে শেষ হবে এমন প্রকল্প ও সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় যেসব প্রকল্প নেওয়া হয়েছে, তা-ও থাকবে সংশোধিত এডিপিতে। এ ছাড়া, পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পও থাকবে সংশোধিত এডিপিতে। নীতিমালা বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিবছরই একই ধরনের নীতিমালা গ্রহণ করা হয়। কিন্তু রাজনৈতিক বিবেচনায় সংশোধিত এডিপি প্রণয়ন করা হয়। এবারও অন্যবারের মতো বিশাল অগ্রাধিকার চিহ্নিত করা হয়েছে। গতবারের মতো এবারও ১৭টি অগ্রাধিকার খাত রয়েছে। আর প্রতি অর্থবছরের জন্য বিশাল আকারের এডিপি অনুমোদনকালে বলা হয়, পুরো এডিপি বাস্তবায়নের সামর্থ্য রয়েছে সরকারের। পুরো এডিপি বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞার কথাও বলেন অর্থমন্ত্রী। কিন্তু প্রতিবারই এডিপি বাস্তবায়নের নাজুক পরিস্থিতির কারণে বছরের মাঝপথে এসে এডিপি কাটছাঁট করা হয়। ইআরডি সূত্রে জানা গেছে, বিদেশি সহায়তার প্রতিশ্রুতি ও প্রবাহ বিবেচনা করে চলতি অর্থবছরে তিন হাজার কোটি টাকা কমানোর সুপারিশ করা হয়েছে। প্রসঙ্গত, চলতি অর্থবছরে ৫৫ হাজার কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। এর মধ্যে ২১ হাজার ৫০০ কোটি টাকার বিদেশি সহায়তার সংস্থান রাখা হয়েছে। এখন তা ১৮ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনার সুপারিশ করেছে ইআরডি। দেশজ উৎস থেকে ৩৩ হাজার ৫০০ কোটি টাকা দেওয়ার কথা রয়েছে।