উন্নয়ন পরিকল্পনা ও জাতীয় বাজেটের বিকেন্দ্রীকরণ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের পাশাপাশি জাতীয় বাজেট ও উন্নয়ন পরিকল্পনারও বিকেন্দ্রীকরণ করা জরুরি। একই সঙ্গে বাজেট প্রণয়নে সমাজের সর্বস্তরের মানুষের মতামত গ্রহণ করতে হবে। তবেই আমলাতান্ত্রিক জটিলতার নিরসন ঘটিয়ে দ্রুত উন্নয়নকাজ সম্পন্ন করা সম্ভব হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল ‘তরুণদের বাজেট ভাবনা’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। গণতান্ত্রিক বাজেট আন্দোলন কর্মশালাটির আয়োজন করে। অনুষ্ঠানে ‘প্রস্তাবিত জেলা বাজেট, সত্যিকার বিকেন্দ্রীভূত বাজেট কত দূর’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের স্থায়ী কমিটির সদস্য মনোয়ার মোস্তফা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রথম আলোর বার্তা সম্পাদক শওকত হোসেন, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সদস্য মোহাম্মদ মামুন মিয়া, অনলাইন ম্যানেজমেন্ট সোসাইটির প্রদীপ কুমার রায় প্রমুখ।মনোয়ার মোস্তফা বলেন, প্রতিবছর মে ও জুন মাসে প্রণীত খসড়া বাজেটের ওপর সংসদে আলোচনা করা হয়। কিছুদিনের মধ্যেই তেমন কোনো পরিবর্তন ছাড়াই তা প্রায় হুবহু চূড়ান্ত হয়ে যায়। ফলে ওই আলোচনা কাজে আসছে না।শওকত হোসেন বলেন, অর্থমন্ত্রীর দেওয়া বাজেট বক্তৃতায় কার জন্য কী আছে, কী নেই, তা উঠে আসে না। সংসদে তিনি সংখ্যায় জর্জরিত অপ্রয়োজনীয় দীর্ঘ একটি বাজেট বক্ততা দেন, যা জনগণের কাছে দুর্বোধ্য এবং কোনো কাজে আসে না।অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন (ডিইউমুনা), ইউনিসেব, অ্যাক্টিভিস্টা, এসএসডি, আইইই ও নবাব আলী যুব সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।