উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠার ৩৪ বছর উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) গতকাল সোমবার প্রতিষ্ঠানের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেন, বিইউপি একটি বস্তুনিষ্ঠ গবেষণাপ্রতিষ্ঠান। নানা বিষয়ে এভাবেই তাদের গবেষণা চালিয়ে যাওয়া উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ৩৪ বছর ধরে প্রতিষ্ঠানটি বাস্তবসম্মত গবেষণা করে যাচ্ছে। এসব গবেষণা দেশের উন্নয়ন-কৌশল নির্ধারণে ভূমিকা রাখছে।
বিইউপির প্রতিষ্ঠাতা সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, অর্থের অভাবে কিছু ভালো গবেষণাও বন্ধ করে দিতে হয়েছে। তার পরও বিইউপি বিদেশি অর্থায়নে গবেষণা করে না। বিদেশি অর্থে গবেষণা করলে তাদের মতো করেই গবেষণা করতে হয়।
বিইউপির সাবেক সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছি, ন্যায্য অধিকার পাই না। এ অবস্থায় বিইউপিকে যদি শক্তিশালী করা যায়, তাহলে তাদের গবেষণার মাধ্যমে আমরা আরও লাভবান হতাম।’
বিইউপির সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিইউপির সাবেক সভাপতি এম আসাদুজ্জামান, নির্বাহী পরিচালক নিলুফার বানু, নির্বাহী সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কাজী সালেহ আহমদ বক্তব্য দেন।