উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও অনুমোদন-প্রক্রিয়া দ্রুততর করার তাগিদ
উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি ও অনুমোদন-প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর করার তাগিদ দিয়েছে দাতারা। এসব কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা কমানোরও পরামর্শ দিয়েছেন বাংলাদেশে কর্মরত দাতাদের প্রতিনিধিরা।গতকাল বুধবার স্থানীয় পরামর্শকগোষ্ঠীর (এলসিজি) বৈঠকে দাতা সংস্থা ও দেশের প্রতিনিধিরা এসব কথা বলেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ। দাতাদের পক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি নিয়েল ওয়াকার। দুজনেই এলসিজির কো-চেয়ারের দায়িত্ব পালন করে থাকেন। বৈঠকে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠকে ইআরডি ও পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে তিনটি উপস্থাপনা দেওয়া হয়। এর মধ্যে একটি উপস্থাপনায় উন্নয়ন প্রকল্প ত্বরান্বিত করার কৌশলসমূহ নিয়ে আলোচনা করা হয়। বৈঠক সূত্রে আরও জানা গেছে, প্রকল্প প্রণয়ন, অনুমোদন-প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে কারিগরি ও আর্থিক সহায়তা দিতে রাজি হয়েছে এডিবি ও জাইকা।অন্যদিতে ইআরডির পক্ষ থেকে যৌথ সহায়তা কৌশল (জেসিএস) পূর্ণাঙ্গভাবে প্রণয়ন ও বাস্তবায়ন কৌশলের ওপর একটি উপস্থাপনা দেওয়া হয়। এর ওপর মতামত দিয়ে দাতা প্রতিনিধিরা যৌথ সহায়তা কৌশল নিয়ে ভবিষ্যতে বিস্তারিত আলোচনার করার পরামর্শ দেন।প্রসঙ্গত, ২০১০ সালের মে মাসে জেসিএস চূড়ান্ত করা হয়। পরে দাতাদের পরামর্শে বেশ কিছু পরিবর্তন আনা হয়। মূলত দাতাদের দেওয়া অর্থের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতেই এই কৌশল নেওয়া হয়।এলসিজি হলো বাংলাদেশে কার্যরত ৪২টি দাতা দেশ, সংস্থা, জাতিসংঘের অঙ্গসংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ফোরাম।