কোনো উন্নয়ন প্রকল্পে অনিয়ম ধরা পড়লে সঙ্গে সঙ্গে অর্থছাড় বন্ধ করে দেওয়া হবে। গতকাল রোববার পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ কথা বলেছেন। পাশাপাশি প্রকল্প তদারকির কাজে নিয়োজিত কর্মকর্তাদের আরও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। চলতি ২০১০-১১ অর্থবছরের সমাপ্ত নয়টি উন্নয়ন প্রকল্পে মূল্যায়ন প্রতিবেদনের ওপর আয়োজিত তিন দিনের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল সকালে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ কর্মশালার আয়োজন করে। আইএমইডি সচিব হাবিবউল্লাহ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পরিকল্পনাসচিব মনজুর হোসেন ও আইএমইডির মূল্যায়ন বিভাগের মহাপরিচালক সৈয়দ হায়দার আলী।পরিকল্পনামন্ত্রী জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর মাত্র একটি প্রকল্পে দুর্নীতির খোঁজ পাওয়া গেছে। ওই প্রকল্পের আওতায় ২২টি ভবনের স্থলে মাত্র ১১টি নির্মাণ করেই অর্থ আত্মসাৎ করা হয়েছে। আর দুর্নীতিবাজ কর্মকর্তাদেরও তেমন কোনো শাস্তি হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর মানে এই নয় যে, উন্নয়ন প্রকল্পে কোনো দুর্নীতি হচ্ছে না।’ প্রকল্পের অনিয়ম দূর করতে ও গুণগত মান নিশ্চিত করতে আইএমইডি কর্মকর্তাদের সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী।