উন্নয়ন ব্যয়ে অগ্রগতি খুব কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতি আসছে না। বরং কাঙ্ক্ষিত বিদেশি সহায়তা না পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আবার অধিক প্রকল্প নেওয়ায় প্রয়োজনীয় প্রকল্পগুলোয় পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া যাচ্ছে না। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ১৫ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এ সময় এডিপির মাধ্যমে ছয় হাজার ৭৬০ কোটি টাকা বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে ব্যয় হয়েছে। আর ২০১০-১১ অর্থবছরের প্রথম চার মাসে মোট এডিপির ১৪ শতাংশ বা পাঁচ হাজার ৪০১ কোটি টাকা ব্যয় হয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় এডিপির ব্যয় সামান্য বাড়লেও তা এখনো সন্তোষজনক বিবেচিত হচ্ছে না।চলতি বছর ৪৬ হাজার কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।আলোচ্য সময়ে চলতি এডিপিতে ব্যয় বাড়লেও বিদেশি সহায়তা আশানুরূপ ব্যবহার করা যাচ্ছে না। চলতি এডিপিতে ১৮ হাজার ৬৮৫ কোটি টাকার সমপরিমাণ বিদেশি সহায়তা বা প্রকল্প সাহায্য ব্যবহার করার কথা। এর মধ্যে অর্থবছরের প্রথম চার মাসে মাত্র সাত শতাংশ বা এক হাজার ২৫০ কোটি টাকা খরচ করা সম্ভব হয়েছে। এই হার বিগত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।বিদেশি সহায়তা ব্যবহার না হওয়া প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, বিশ্বজুড়েই দাতা দেশগুলোর অর্থনীতিতে মন্দাভাব চলছে। এ কারণে প্রতিশ্রুত বিদেশি সহায়তার বাড়তি অর্থ পাওয়া কঠিন হবে, এমনকি প্রতিশ্রুত বিদেশি সহায়তাও কমতে পারে। কেননা, এই মন্দাবস্থায় সংশ্লিষ্ট দেশের মানুষের করের টাকা প্রদানের বিষয়টি অনুমোদন করা বেশ কষ্টসাধ্য। আর দেশজ উৎস থেকে এবার ২৭ হাজার ৩১৫ কোটি টাকা জোগান দেওয়ার কথা। কিন্তু জুলাই-অক্টোবর মাসে মাত্র ২০ শতাংশ বা পাঁচ হাজার ৫১০ কোটি টাকা ব্যয় হয়েছে।বিদেশি সহায়তা নাজুক: গত বছরের মতো এবারও বিদেশি সহায়তা আহরণ কিংবা ব্যবহার করতে পারছে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। ফলে সরকারকে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থের জোগান বেশি দিতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে আজ বুধবার বিদেশি সহায়তা ব্যবহারকারী শীর্ষ ১০টি মন্ত্রণাালয়ের সঙ্গে জরুরি বৈঠক করবে পরিকল্পনা মন্ত্রণালয়। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এতে সভাপতিত্ব করবেন।বিদ্যুৎ, স্বাস্থ্য, সড়ক ও রেল বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, পানিসম্পদ মন্ত্রণালয়, সেতু বিভাগ, কৃষি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন।গত অর্থবছর থেকে বিদেশি সহায়তা ব্যবহারে যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারছে না এসব মন্ত্রণালয় ও বিভাগ। চলতি বছর জুলাই-অক্টোবর মাসে প্রকৃত অর্থে আগের বছরের একই সময়ের চেয়ে বিদেশি সহায়তার কম ব্যবহার হয়েছে। এ বছর আলোচ্য সময়ে সাত শতাংশ বা এক হাজার ৩০৭ কোটি টাকা খরচ করা সম্ভব হয়েছে। গত বছর একই সময় নয় শতাংশ বা এক হাজার ৩৬৪ কোটি টাকা খরচ হয়েছে। বিদেশি সহায়তা আহরণের লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও আলোচ্য সময়ে গত বছরের চেয়ে ৫৭ কোটি কম খরচ হয়েছে।জুলাই-অক্টোবর সময়কাল ধরে বিশ্লেষণ করলে দেখা যায়, বিগত পাঁচ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম বিদেশি সহায়তা ব্যবহার হয়েছে। ২০০৯-১০ অর্থবছরে ১৬ শতাংশ, ২০০৮-০৯ ও ২০০৭-০৮ অর্থবছরে ১২ শতাংশ করে খরচ করা সম্ভব হয়েছিল।বিদেশি সহায়তা ব্যবহার যথাযথভাবে না হওয়ার জন্য আইএমইডি আটটি কারণ চিহ্নিত করেছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজকের আন্তমন্ত্রণালয় বৈঠকে উপস্থাপনা করা হবে। আইএমইডি যেসব কারণ চিহ্নিত করেছে সেগুলো হলো: দাতা সংস্থার ক্রয়সংক্রান্ত নীতিমালা সম্পর্কে অনভিজ্ঞতা, অনুমোদনের জন্য বহুবার দাতা সংস্থার কাছে যাওয়া, দাতা সংস্থা থেকে প্রদত্ত পরামর্শ পরবর্তী সময়ে পরিবর্তিত হওয়া, কম্পিউটার যন্ত্রাংশ হিসেবে সরকারি উৎস, বিভিন্ন জোগান (তথ্য ও উপাত্ত, অফিস স্থাপনা) ও ভূমি অধিগ্রহণ বিলম্ব, দাতা সংস্থার প্রতিনিধিদের কাছে সীমিত প্রবেশাধিকার, প্রায় ক্ষেত্রেই সমযোগ্যতাসম্পন্ন পরামর্শক প্রতিস্থাপন প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়া, একাধিক দাতা সংস্থার অর্থায়ন এবং প্রকল্প পরিচালকদের ইংরেজি ভাষার ওপর অদক্ষতা।প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশি সহায়তা না পাওয়ার প্রেক্ষাপটে এবারই প্রথমবারের মতো দাতা সংস্থা ও দাতা দেশগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। গত ১৯ অক্টোবর আন্তর্জাতিক বিভিন্ন ঋণদানকারী সংস্থা ও দেশের সঙ্গে বৈঠক করেছে পরিকল্পনা কমিশন। বৈঠকে বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা কমিশন তিনটি সমস্যা চিহ্নিত করেছে। এগুলো হলো: জনবলের অভাব, ক্রয়-প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও দাতাদের অর্থ ছাড়ে জটিলতা। দাতা ও বিশ্বব্যাংকের পক্ষ থেকে দ্রুত প্রকল্প বাস্তবায়নে তিনটি পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো: প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃঢ় প্রতিশ্রুতি, অর্ধবার্ষিকী বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়ন ও নিবিড় পর্যবেক্ষণ।