উন্নয়নযাত্রায় প্রধান বাধা 'অনিশ্চিত স্থানীয় শাসন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনে করেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধক অনিশ্চিত স্থানীয় শাসনব্যবস্থা। ঘনবসতির স্বল্প আয়তনের এই দেশে ক্ষমতার প্রতিসংক্রম ছাড়া কোনো উন্নয়ন উদ্যোগ গতিশীলতা পাবে না, যাতে বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১০ শতাংশে পৌঁছাতে পারে। তাই স্থানীয় শাসনব্যবস্থার গুণগত সংস্কার অত্যন্ত জরুরি। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী ২০১৬-১৭ সালের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা জনসংখ্যায় ও আয়তনে বিশ্বের প্রায় ৫০–৬০টি দেশের চেয়ে বড়। এ শাসনব্যবস্থায় স্থানীয় সরকারের দায়িত্ব ও ক্ষমতা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে।
অর্থমন্ত্রী বলেন, রাজস্ব সংগ্রহ কেন্দ্রীয় সরকারের হাতে রেখেও স্থানীয় সরকারের দায়িত্ব ও ক্ষমতার সুস্পষ্ট বিভাজন অতি সহজেই নির্দিষ্ট করা যেতে পারে। এ জন্য প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার, যার বাস্তবায়ন অচিরেই শুরু করতে হবে। তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে ক্ষমতা ও দায়িত্বের প্রতিসংক্রমের কথা বলছি, বিকেন্দ্রীকরণের কথা নয়।’
আবুল মাল আবদুল মুহিত বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর অন্যতম লক্ষ্য ছিল জেলা সরকার প্রতিষ্ঠা, যা তাঁর জীবনে কার্যকর হতে পারেনি। গণতান্ত্রিক জেলা সরকারের ধারণা এখন সুস্পষ্ট। স্থানীয় শাসনব্যবস্থার সংস্কারই জেলা সরকার সহজেই প্রতিষ্ঠা করতে পারে।
অর্থমন্ত্রী বলেন, প্রবৃদ্ধির গতিকে সুসংহত ও ত্বরান্বিত করার সময় হচ্ছে এখনই। অপর্যাপ্ত কর্মসংস্থান সমস্যা মোকাবিলায় উচ্চতর হারে প্রবৃদ্ধি অর্জনই হবে প্রধান হাতিয়ার।