
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ২০১৫ সাল-পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর বৈশ্বিক অংশীদারি জোরদার করার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের টেকসই উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামের উদ্বোধনী সভায় তিনি এই আহ্বান জানান। তিনি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৪৮টি সামাজিক গবেষণাধর্মী প্রতিষ্ঠানের সমন্বিত বৈশ্বিক নেটওয়ার্ক সাউদার্ন ভয়েস অন পোস্ট-এমডিজিসের চেয়ার হিসেবে এই ফোরামে যোগ দেন।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গত ৩০ জুন ফোরামটি শুরু হয়। ফোরামের এবারের প্রতিপাদ্য হলো ‘সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন এবং একটি উচ্চাভিলাষী ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণের সম্ভাব্য গতিপথ চিহ্নিত করা’।
দেবপ্রিয় ২০১৫-পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাড়তি সরকারি ব্যয়, দেশীয় রাজস্ব সম্পদ আহরণ ও বিদেশি সহায়তায় বিশেষ ছাড়ের ওপর জোর দেন। তিনি বলেন, বিশ্ব উন্নয়নের জন্য শুধু আর্থিক সম্পদের ওপর ভর করলে চলবে না; বরং সম্পদের কার্যকারিতা অর্জনে বিভিন্ন ক্ষেত্রে চলমান আন্তর্জাতিক সমঝোতাসমূহ সম্পাদনেও সমান গুরুত্ব দিতে হবে।
দেবপ্রিয় বৈশ্বিক সুশাসন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে কার্যকরী ও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়ে বলেন, এতে স্বল্প আয়ের দেশগুলো তাদের দারিদ্র্য, অসমতা ও বৈষম্য দূরীকরণে জাতীয় প্রচেষ্টা ত্বরান্বিত করতে পারবে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের প্রেসিডেন্ট মার্টিন জায়দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতিসংঘে হাঙ্গেরির রাষ্ট্রদূত সাবা করোজি, ব্রাজিলের রাষ্ট্রদূত অ্যান্টোনিও ডি আগুলিয়ার প্যাট্রিয়োটা এবং বেলজিয়ামের রাষ্ট্রদূত বেনেডিক্ট ফ্র্যাঙ্কিনেট ও বিশ্ব সম্পদ ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মনীশ বাপনা উপস্থিত ছিলেন।