পরিবহন ও যোগাযোগ খাতের উচ্চাভিলাষী পরিকল্পনা
উন্নয়ন-সহযোগীরা পদ্মা সেতু বাদে অন্যগুলোয় কম আগ্রহী
বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমাপনী দিন গতকাল মঙ্গলবার সকালের কার্য-অধিবেশনে বাংলাদেশের যোগাযোগ ও পরিবহনব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য উন্নয়ন-সহযোগীদের সহায়তা চাওয়া হয়। এ লক্ষ্যে যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম ছয় লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ে নির্মাণ, যমুনা নদীতে নতুন একটি রেলসেতু নির্মাণ এবং ঢাকায় পাতালরেল ও উড়াল সড়ক নির্মাণের মতো উচ্চাভিলাষী পরিকল্পনা তুলে ধরা হয়। কিন্তু উন্নয়ন-সহযোগীরা পদ্মা সেতু বাদে অন্য পরিকল্পনার ক্ষেত্রে কার্যত কোনো আগ্রহ দেখায়নি। অন্যগুলোর ক্ষেত্রে তাই কোনো ধরনের সহায়তার তাত্কক্ষণিক কোনো প্রতিশ্রুতিও পাওয়া যায়নি। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। অবশ্য উন্নয়ন-সহযোগীরা আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়নে এবং রেলওয়ের সংস্কারের ওপরও জোর দিয়েছে। সরকারের পক্ষ থেকে সব আঞ্চলিক ও আন্তর্জাতিক সড়ক চার লেনে উন্নীতকরণ এবং রেলপথ বাড়ানোর পরিকল্পনার কথাও বৈঠকে তুলে ধরা হয়েছিল। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক গত সোমবার শুরু হয়। গতকাল তা শেষ হয়েছে। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন জানান, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ অর্থায়ন করার নিশ্চয়তা দিয়েছে। তবে চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বান করার বিষয়ে নিশ্চয়তা দিতে পারেননি মন্ত্রী। ব্রিফিং শেষে বাইরে প্রথম আলোর পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সরকার প্রস্তুত। দাতাদের কাছে দরপত্র দলিলের খসড়া পাঠানো হয়েছে। তাদের অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করা হবে।’ তবে ফেব্রুয়ারিতে হবে কি না তা তিনি নিশ্চিত করতে পারেননি। জানা গেছে, পদ্মা সেতুতে অর্থায়নে আগ্রহী উন্নয়ন-সহযোগী সংস্থাগুলো একসঙ্গে বৈঠক করে দরপত্র দলিল সম্পর্কে তাদের মতামত দেবে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বৈঠক ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা কম। অর্থমন্ত্রী ইতিপূর্বে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসেই দরপত্র আহ্বানের ঘোষণা দিয়েছিলেন। যোগাযোগমন্ত্রী ব্রিফিংয়ে আরও বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে ১২০ কোটি মার্কিন ডলার দেওয়ার কথা নিশ্চিত করেছে। এক প্রকল্পে এত বড় ঋণ-সহায়তা বাংলাদেশের ইতিহাসে আর পাওয়া যায়নি। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫৫ কোটি ডলার, জাইকা ৩৫ কোটি ডলারসহ সব দাতা মিলে ২৪০ কোটি মার্কিন ডলার দিতে রাজি হয়েছে। বৈঠক সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রেলওয়ের সংস্কার প্রকল্প দ্রুত অনুমোদনের তাগিদ দিয়েছেন উন্নয়ন-সহযোগীরা। কারণ, পাইপলাইনে অনেক অর্থ আটকে আছে। উল্লেখ্য, বর্তমান কাঠামো ভেঙে সম্পূর্ণ সরকারি মালিকানায় একটি বোর্ডের মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে কয়েকটি বিভাগ বা ‘লাইন অব বিজনেস’ (এলওবি) রূপান্তরের একটি সংস্কার প্রস্তাব এক বছর ধরে যোগাযোগ মন্ত্রণালয়ে পড়ে ছিল। এই প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় প্রায় তিন হাজার কোটি টাকার উন্নয়ন-সহায়তা আটকে দিয়েছে বিশ্বব্যাংক ও এডিবি। ২০০৮-০৯ অর্থবছরেই এই অর্থ মঞ্জুর হওয়ার কথা ছিল। এই টাকা দিয়ে টঙ্গী-ভৈরববাজার রেলপথে নতুন একটি রেললাইন স্থাপন, বেশ কিছু ইঞ্জিন-কোচ কেনা এবং রেলওয়ের কয়েকটি কারখানা মেরামতের কথা।বৈঠকে যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থায় অর্থব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনার ওপরও জোর দেওয়া হয়েছে। এর আগে বিশ্বব্যাংক সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) নানা ধরনের দুর্নীতির অভিযোগে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ১৯ কোটি ২০ লাখ ডলার অর্থ ঋণ-সহায়তা বাতিল করে। সড়ক খাত সংস্কার নামের ওই প্রকল্পই সওজ বন্ধ করে দিয়েছে। এ প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, তাঁর মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হবে। মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বিভাগের বড় প্রকল্পের ক্ষেত্রে যেসব চুক্তি বা সিদ্ধান্ত হয়েছে সেগুলোর দলিলাদি স্বচ্ছতার স্বার্থে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) দেওয়া হয়েছে।রেলওয়ের সংস্কার বিষয়ে মন্ত্রী প্রথম আলোকে বলেন, সংস্কার প্রস্তাব তিনি অনুমোদন করে দিয়েছেন। এখন সংস্থাপন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার পর মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে। সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাজ্যের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি) আবাসিক পরিচালক ক্রিস অস্টিন বলেন, যোগাযোগ খাতের বিভিন্ন সংস্থার দক্ষতা বৃদ্ধির জন্য সংস্কার দরকার। সরকারকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। ঢাকার যানজট নিরসনে বহুমুখী গণপরিবহনব্যবস্থার ওপর বৈঠকে জোর দেওয়া হয়েছে বলে তিনি জানান।