উন্নয়নবিরোধী কার্যকলাপ চলছে: মুহিত
দেশে উন্নয়নবিরোধী কার্যকলাপ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রী বলেন, ‘এগুলো রাজনীতি নয়। স্রেফ উন্নয়নবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড।’
সচিবালয়ে গতকাল সোমবার কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) সফররত প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
উন্নয়নবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত কোনো দলের নাম উল্লেখ না করে প্রতিনিধিদলের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘এ দেশে বিনিয়োগের পরিবেশ ভালো। যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, তা সাময়িক। তবে সহসাই এই সংকট আমরা মোকাবিলা করব।’
বাংলাদেশের অর্থনীতির জন্য ২০১৪ সাল সবচেয়ে ভালো ছিল জানিয়ে অর্থমন্ত্রী আগের পাঁচ বছরে বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
বর্তমানে বিদ্যালয়গামী শিক্ষার্থী ৯৮ শতাংশে উন্নীত এবং বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও দারিদ্র্যের হার ১৭ শতাংশে নেমে এসেছে বলে জানান মুহিত।
অর্থমন্ত্রীর চেয়ে আরেকটু এগিয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, উন্নয়নে গত ছয় বছরে অত্যাশ্চর্য ঘটিয়েছে বাংলাদেশ।
সিএসিসিআই সভাপতি জামাল ইনায়শেভিলি বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ধারাবাহিক ও সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জনের প্রশংসা করেন। ইনায়শেভিলি জর্জিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পর্ষদ সদস্য।
সিএসিসিআই ও সার্ক চেম্বারের সহসভাপতি প্রদীপকুমার শ্রেষ্ঠ বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশের প্রবৃদ্ধি স্থিতিশীল, এটা অবশ্যই ইতিবাচক দিক।
ইরান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্তর্জাতিকবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ গোলনাজ শালাশৌর বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ুক—এটা তাঁদের চাওয়া।
এ ছাড়া সিএসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি ও ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী কমিটির সদস্য সমীর মোদি, সহকারী মহাসচিব অতুল সুংগলু, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) পর্ষদ সদস্য অস্ট্রেলিয়ার পিটার ম্যাকমুলিন প্রমুখ বক্তব্য দেন।