উন্নয়নবৈষম্য থেকেই গেল
দেশের অন্যান্য বিভাগের সঙ্গে উন্নয়নবৈষম্য দূর করতে সবচেয়ে দরিদ্র অঞ্চল বলে খ্যাত রংপুরের জন্য বিশেষ বরাদ্দের দাবি থাকলেও ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেটে তা পূরণ হয়নি। বাজেটের আগে কৃষিভিত্তিক শিল্পায়নের জন্য রংপুরে পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবি উঠলেও সে অনুযায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এভাবেই বাজেট প্রতিক্রিয়া জানালেন রংপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আরও অনেক দাবি পূরণ হয়নি বলে অভিযোগ তাঁদের। এমনই একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক তুহিন ওয়াদুদ। তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বিশ্বব্যাংক ও বিশ্ব খাদ্য কর্মসূচির (এফএও) যৌথ গবেষণা প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে গরিব বিভাগ হলো রংপুর। যেখানে দেশের গড় দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫ শতাংশ, সেখানে রংপুর বিভাগে তা ৪২ শতাংশ। আর দেশের সবচেয়ে গরিব জেলাও এই বিভাগের কুড়িগ্রাম, যেখানে দারিদ্র্যের হার ৬৩ দশমিক ৭ গরিব বিভাগের জন্য বাজেটে কোনো বিশেষ বরাদ্দ নেই।
সাবেক রংপুর পৌরসভার চেয়ারম্যান কাজী মো. জুননুন মনে করেন, পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাওয়াটা রংপুরের মানুষের ন্যায্য অধিকার। ইতিমধ্যে বগুড়া পর্যন্ত গ্যাস এসেছে। আর মাত্র ৭০-৮০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করেই রংপুরে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব। এটি হলে রংপুরে শিল্পকারখানা গড়ে উঠবে।
স্থানীয় মহিলা পরিষদের সভাপতি হাসনা চৌধুরী বলেন, রংপুরের সম্ভাবনাময় কারুপণ্য এবং হস্ত ও কুটির শিল্পের বিকাশে বিনা সুদে কিংবা স্বল্প সুদে ঋণ প্রদানে বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়া উচিত।
বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর রংপুর মহানগর কমিটির সভাপতি আফতাব হোসেন বলেন, বিভাগভিত্তিক বিবেচনায় সবচেয়ে কম মানুষ বিদেশে যায় রংপুর থেকে। তাই এ অঞ্চলের মানুষকে বিদেশে পাঠাতে সরকারের প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থা করা উচিত।
রংপুর বিভাগ উন্নয়ন সামাজিক সংস্থার আহ্বায়ক ওয়াদুদ আলী মনে করেন, ব্রহ্মপুত্র নদের ওপর গাইবান্ধা ও কুড়িগ্রামে সড়ক ও রেল সেতু নির্মাণ করা হলে এ বিভাগের নিম্ন আয়ের মানুষ যেমন স্বল্প ব্যয়ে ঢাকায় আসা-যাওয়া করতে পারবে, তেমনি ঢাকাসহ বিদেশি বিনিয়োগকারীরা রংপুরে বিনিয়োগে আগ্রহী হবেন।
বাজেটে কৃষিনির্ভর অঞ্চল রংপুরে কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ঘোষণা থাকলে ভালো হতো বলে মনে করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপেল মাহমুদ।
সচেতন নাগরিক কমিটির সভাপতি মোশফেকা রাজ্জাক বলেন, নতুন সিটি করপোরেশন হলেও বাজেটে রংপুরের জন্য বিশেষ কোনো বরাদ্দ নেই। যে কারণে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে রংপুর বিভাগীয় শহরের মানুষ। তাদের জন্য প্রয়োজনীয় সেবা-সুবিধা নিশ্চিত করতে হলে বাজেটে বরাদ্দ দেওয়া জরুরি।