দেশে উন্নয়নবৈষম্য দূর করতে উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের জন্য আগামী ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দাবি করেছেন ওই অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা। সেই সঙ্গে তাঁরা বাজেটে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের পরিকল্পনার দাবি করেন, যাতে রংপুরে কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে ওঠে।
বাজেট সামনে রেখে প্রথম আলোর সঙ্গে আলাপকালে ওই ব্যক্তিরা রংপুরকে দেশের সবচেয়ে গরিব ও অবহেলিত বিভাগ বা এলাকা আখ্যায়িত করে এসব দাবি ও প্রস্তাব তুলে ধরেন। তাঁরা উচ্চশিক্ষার সুষম বিকাশে পিছিয়ে পড়া এই অঞ্চলে একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং তথ্যপ্রযুক্তি খাতের জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রস্তাব করেন। আবার কেউ কেউ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে রংপুরে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ এবং সৈয়দপুর বিমানবন্দরকে আরও আধুনিক ও উন্নত করতে বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দেরও প্রস্তাব দেন।
কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য বলেন, দেশের কৃষিভিত্তিক এই অঞ্চলে অন্যান্য এলাকা থেকে ধান ও আলুর ফলন অনেকে ভালো হয়। এখানকার কৃষকেরা আগ্রহ নিয়ে এই দুটি ফসল উৎপাদন করলেও ন্যায্যমূল্য পান না। তাই তাঁরা যাতে ধান ও আলুর ন্যায্যমূল্য পান, সেটি নিশ্চিত করতে বাজেটে কৃষি খাতের জন্য ভর্তুকিসহ প্রয়োজনীয় পদক্ষেপ থাকা দরকার। তা না হলে কৃষকেরা ফসল উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবেন।
বর্তমানে বাংলাদেশের অংশ হয়ে যাওয়া অধুনালুপ্ত ছিটমহলের দীর্ঘদিনের বঞ্চনা দূরীকরণে অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক তুহিন ওয়াদুদ।
শিক্ষাবিদ ড. শাশ্বত ভট্টাচার্য শিক্ষা বাজেটে পাবলিক বিশ্ববিদ্যালয় ও গবেষণামূলক প্রতিষ্ঠানের গবেষণাকাজের জন্য সহায়তা প্রদানের সুপারিশ করেন। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে নন-এমপিওভুক্ত থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের প্রস্তাব দেন তিনি।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সংগঠক পলাশ কান্তি নাগ বলেন, বিশ্বব্যাপী এখন তামাকমুক্ত দিবস পালিত হচ্ছে। বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে তামাক উৎপাদন হয় রংপুরেই। সে জন্য এই অঞ্চলে তামাকের আবাদ নিরুৎসাহিত করতে আসন্ন বাজেটে পণ্যটির ওপর উচ্চ হারে কর আরোপ করা যেতে পারে।