উন্নয়নবৈষম্য লাঘবে জোর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কাশেম সভাপতি, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ
আবুল কাশেম সভাপতি, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ

সুষ্ঠু পরিকল্পনার অভাব ও বৈষম্যের কারণে রংপুর বিভাগ উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে। এমনকি এটি জাতীয় উন্নয়নের মূলধারা থেকেও ছিটকে পড়ার উপক্রম হয়েছে। কৃষিভিত্তিক অঞ্চল হওয়ায় এবং শ্রমিকের সহজলভ্যতা থাকায় প্রক্রিয়াজাতকরণ শিল্পে রংপুর বিভাগের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু গ্যাসের দুষ্প্রাপ্যতা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ঘাটতি এবং অবকাঠামোগত সমস্যার কারণে এই অঞ্চলে কৃষি প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠছে না।
কর্মসংস্থানের অভাবে সারা দেশের মধ্যে রংপুর বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। তাই পিছিয়ে থাকা এই অঞ্চলে দ্রুত দারিদ্র্যের হার কমাতে কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক উন্নয়নের বৈষম্য দূর করতে বাজেটে আলাদা বরাদ্দ প্রয়োজন।
রংপুর অঞ্চলে বিনিয়োগ বাড়াতে দরকার অবকাঠামোগত উন্নয়ন। তাই প্রস্তাবিত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নে আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে। এর ফলে শিল্পায়ন, নগরায়ণ ও মানবসম্পদ উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বর্তমান সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠন ও রূপকল্প ২০২১ বাস্তবায়নে রংপুর অঞ্চলে আইটি পার্ক স্থাপনে বাজেটে বরাদ্দ রাখা যেতে পারে। রংপুর বিভাগের আমদানি ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে সব স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করতে বাজেটে বরাদ্দ রাখা উচিত। এ ছাড়া ইমিগ্রেশন সুবিধা জোরদারেও নজর দিতে হবে।