উন্নয়নশীল দেশগুলোকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজারসুবিধা পেতে সরকার, ব্যবসায়ীসহ সব পক্ষকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে উন্নয়নশীল বিভিন্ন দেশকে সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।গতকাল সোমবার ঢাকা চেম্বার, জার্মান টেকনিক্যাল কো-অপারেশন (জিটিজেড) এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) যৌথ উদ্যোগে ‘ডিউটি ফ্রি কোটা ফ্রি একসেস টু ইউএস মার্কেট’ শীর্ষক এক সেমিনারে এ আহ্বান জানানো হয়। ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি আনিসুল হক। সেমিনারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর তথ্যপত্র উপস্থাপন করেন। ঢাকা চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।আনিসুল হক বলেন, ‘আমেরিকায় শুল্কমুক্ত বাজারসুবিধা পাওয়ার বিষয়টি অত্যন্ত জটিল। তবে এই সুবিধা পাওয়ার জন্য আমাদের নিবিড়ভাবে কাজ করতে হবে।’এফবিসিসিআইয়ের সভাপতি নিজেদের পণ্য ও শ্রমিকদের দক্ষতা বাড়ানো এবং পোশাক খাতে নতুন বাজার সম্প্রাসরণের ওপর গুরুত্বারোপ করেন।বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, শুল্কমুক্ত সুবিধা পেতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম আরও বাড়াতে হবে।তিনি এ জন্য সব সংস্থার অংশগ্রহণের মাধ্যমে টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এ সুবিধা পাওয়ার জন্য উন্নয়নশীল অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ জন্য ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।জেনেভায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত তৌফিক আলী বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান। তিনি দ্বিপক্ষীয় সমঝোতা বাড়ানোর মাধ্যমে এই সুযোগ আদায়ের ওপর গুরুত্বারোপ করেন এবং লেসোথো, বতসওয়ানা ও কেনিয়ার মতো আফ্রিকার দেশ এবং পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো উন্নয়নশীল দেশগুলোকে সঙ্গে রাখার পরামর্শ দেন।ঢাকা চেম্বারের সভাপতি বলেন, বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজারসুবিধা পাওয়ার জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক ও লবি জোরদার করতে হবে। তিনি বিষয়টির সঙ্গে জড়িত সব সংস্থার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।ঢাকা চেম্বারের পরিচালক আসিফ ইব্রাহিম বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের বহুমুখীকরণের আহ্বান জানান।বিজিএমইএর পরিচালক আরশাদ জামান বাংলাদেশ থেকে রপ্তানীকৃত পণ্যের মানোন্নয়ন এবং প্রাপ্ত বাণিজ্যসুবিধা কাজে লাগাতে নিজেদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানান।বিটিএমএর মহাসচিব জি এম তৌফিক হাসান প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাণিজ্য কূটনীতি বাড়ানোর প্রস্তাব করেন।আলোচনায় আরও অংশ নেন ডিসিসিআইয়ের পরিচালক এম এস সেকিল চৌধুরী, সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি আশরাফ ইবনে নূর, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শরীফা খান প্রমুখ। ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি এম শাহাজাহান খান অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।সেমিনারে ডিসিসিআইয়ের পরিচালক রফিকুল ইসলাম খান, এম এ বাতেন, সৈয়দ মোশাররফ হোসেন, এম বশির উল্লাহ ভূঁইয়া, মাহাবুব আনাম, মো. নাসিরউদ্দিন খান, এম আনওয়ারুল হক, সাবেক সহসভাপতি আবসার করিম চৌধুরী, সাবেক পরিচালক হায়দার আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।